আযাদ গণহত্যাসহ বিভিন্ন অপরাধে অংশ নেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের ২২তম ও শেষ সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মো. নূর হোসেন। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে আবুল কালাম আযাদ ফরিদপুরের আলবদর বাহিনীর প্রধান ছিলেন। তিনি হত্যা, গণহত্যাসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধে অংশ নেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ নূর হোসেনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। জবানবন্দিতে সাক্ষী বলেন, তদন্তের দায়িত্ব পাওয়ার পর তিনি বিভিন্ন নথিপত্র পর্যালোচনা এবং ফরিদপুরের বিভিন্ন স্থান থেকে তথ্য সংগ্রহ করেন। তদন্তে তিনি মানবতাবিরোধী অপরাধে আযাদের সংশ্লিষ্টতা পান। এ মামলায় তিনি ৫৫ জন সাক্ষীর জবানবন্দি নিয়েছেন।তদন্ত কর্মকর্তা বলেন, তদন্তে পাওয়া যায়, আযাদ ফরিদপুর রাজেন্দ্র কলেজে একাদশ শ্রেণীতে পড়া অবস্থায় জামায়াতের সদস্য ছিলেন এবং জেলা ইসলামী ছাত্রসংঘের সভাপতি আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতেন। তদন্তকালে তিনি ভারতে গিয়েও কয়েকজন সাক্ষীর জবানবন্দি নেন। তদন্তে জেনেছেন, আযাদ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সক্রিয় সহযোগী হিসেবে ফরিদপুর শহর ও আশপাশের এলাকায় প্রথমে স্বেচ্ছাসেবী রাজাকার, পরে রাজাকার ও শেষে ফরিদপুরে আলবদর বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি সহযোগীদের নিয়ে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, দেশান্তর, অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ করেন।জবানবন্দি শেষে নূর হোসেনকে জেরা শুরু করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।কাদের মোল্লার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন চলছে: একই ট্রাইব্যুনালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী গতকাল দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন। কাদের মোল্লা এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবীরা না আসায় ট্রাইব্যুনাল যুক্তি উপস্থাপনের জন্য এক ঘণ্টা সময় নির্ধারণ করে দেন।যুক্তি উপস্থাপনকালে মোহাম্মদ আলী বলেন, এই মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী শহিদুল হক ওরফে মামা ছয় দফা, উনসত্তরের গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে যোগ দেন। তিনি একাত্তরে মিরপুর-মোহাম্মদপুর এলাকায় আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। তিনি কাদের মোল্লাকে তৎকালীন জামায়াতের প্রার্থী গোলাম আযমের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখেছেন। এই সাক্ষী জবানবন্দিতে বলেছেন, একাত্তরের ৫ এপ্রিল মিরপুর বাঙলা কলেজের ছাত্র পল্লব হত্যাকাণ্ডে নেতৃত্বে ছিলেন কাদের মোল্লা। এ ছাড়া ২৭ মার্চ কবি মেহেরুন নেসা ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার মূল নায়ক ছিলেন কাদের মোল্লা। হত্যাকাণ্ডের ঘটনাগুলো তিনি পরিচিত মানুষের কাছে শুনেছেন। পূর্বপরিকল্পনার অংশ হিসেবে এই দুই হত্যাকাণ্ড হয় বলে সাক্ষী উল্লেখ করেছেন।ট্রাইব্যুনাল এ সময় জানতে চান, কেন তাঁদের হত্যা করা হলো? জবাবে মোহাম্মদ আলী বলেন, পল্লব ও কবি মেহেরুন নেসা—দুজনেই স্বাধীনতার পক্ষের লোক ছিলেন এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন। এ জন্য তাঁদের হত্যা করা হয়।কৌঁসুলি বলেন, শহিদুল হকের জবানবন্দির গ্রহণযোগ্যতা আসামিপক্ষের আইনজীবীরা নষ্ট করতে পারেননি। জেরার মাধ্যমে তা আরও নিশ্চিত করা হয়েছে।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আজ আবার যুক্তি উপস্থাপন করবেন।