মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদ হিলি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। এ কাজে তাঁকে সহায়তা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী এক শিক্ষক। গ্রেপ্তারের পর আযাদের দুই ছেলে ও শ্যালক জিজ্ঞাসাবাদে র্যাবকে এ তথ্য জানিয়েছেন।র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, আবুল কালাম আযাদ বিদেশে পালিয়ে যাওয়ার পর তাঁর দুই ছেলেও আত্মগোপন করেন। অনেক খোঁজাখুঁজির পর গতকাল সকালে রাজধানীর লোহারপুল এলাকায় মামাশ্বশুরের বাসা থেকে বড় ছেলে এস এম ফয়সাল আযাদকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ছোট ছেলে এ কিউ মুশফিক বিল্লাহ জিহাদকে তাঁর মামা কাজী এহতেশামুল হকের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এহতেশামকেও গ্রেপ্তার করে র্যাব।র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে মুশফিক বিল্লাহ জানান, তাঁদের বাবা গ্রেপ্তারের বিষয়টি আঁচ করতে পেরে পাকিস্তানে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী গত ৩০ মার্চ সন্ধ্যার পরে একটি মাইক্রোবাসে করে তাঁরা বাসা থেকে বের হয়ে প্রথমে যান জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবু ইউসুফের আগারগাঁওয়ের বাসায়। সেখানে পাকিস্তান বা নেপালে যাওয়ার সিদ্ধান্ত হয়।জিজ্ঞাসাবাদে মুশফিক আরও জানান, তাঁরা আবু ইউসুফের গাড়িতে করে ওই রাত সাড়ে তিনটার দিকে হিলি সীমান্তে পৌঁছে একটি হোটেলে ওঠেন। আবু ইউসুফও সঙ্গে যান। ওই হোটেলে দুই দিন থাকার পর তাঁর বাবা সীমান্ত পেরিয়ে ভারতে যান। ৩ এপ্রিল তিনি পরিস্থিতি জানতে ভারত থেকে এহতেশামকে ফোন করেন।র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল প্রথম আলোকে বলেন, হিলি স্থলবন্দরের ওই হোটেলের মালিক আবুল কাশেমকেও গ্রেপ্তার করা হয়েছে। আযাদের দুই ছেলে, শ্যালক, আবু ইউসুফ ও কাশেমের বিরুদ্ধে পরোয়ানার আসামিকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগ এনে মামলা করা হচ্ছে। ইউসুফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।মানবতাবিরোধী অপরাধের অভিযোগের সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে আবুল কালাম আযাদের বিরুদ্ধে ৩ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁর বিরুদ্ধে পাকিস্তানি সেনাদের সহযোগিতায় ফরিদপুরে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের তথ্য পেয়েছে তদন্ত সংস্থা।হাইকোর্টে রিট: এদিকে ফয়সাল, জিহাদ ও এহতেশামকে আদালতে হাজির করার বিষয়ে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন (হেবিয়াস করপাস) করেন আবুল কালাম আযাদের মেয়ে সামানিয়া জান্নাতি। বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার এ রিটের ওপর শুনানি হওয়ার কথা।সামানিয়ার পক্ষে গতকাল আবেদনটি তুলে ধরেন আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর।দুপুরে নাসির উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা কেবল তাঁদের বর্তমান অবস্থান নিশ্চিত হতে হাইকোর্টে তাঁদের হাজির করার জন্য আবেদন করেছি। আদালত মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন।’