আযাদকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ
জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্যেই ছিলেন। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুলিশ তাঁকে খুঁজে পাচ্ছে না। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন জায়গায় খুঁজেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত মঙ্গলবার একাত্তরে মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে আবুল কালাম আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাঁর বর্তমান ঠিকানায় গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়ে ট্রাইব্যুনাল আদেশে বলেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবেন। গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে।রাষ্ট্রপক্ষ সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে আবুল কালাম আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য গত ২৫ মার্চ ট্রাইব্যুনালে আবেদন করে। তদন্ত সংস্থা জানায়, তাঁর বিরুদ্ধে পাকিস্তানি সেনাদের সহযোগিতায় ফরিদপুরে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ নানা মানবতাবিরোধী অপরাধের তথ্য তারা তদন্তকালে পেয়েছে। ফরিদপুরের মানুষের কাছে এখনো তিনি খাড়দিয়ার ‘বাচ্চু রাজাকার’ নামে পরিচিত।ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তা নিয়ে মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল রাজধানীর উত্তরখানে আযাদের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে পায়নি। সেদিন তাঁর মেয়ে তামানিয়া জান্নাত সাংবাদিকদের জানান, ভোররাতে তিনি (আযাদ) বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি।ডিএমপির উত্তরার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে, তা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। তাই তাঁর গতিবিধির ওপর বেশ কিছুদিন ধরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ছিল। এই নজরদারির মধ্যেও তিনি কীভাবে পালালেন, তাও খতিয়ে দেখা উচিত। নজরদারিতে অবশ্যই গাফিলতি ছিল। মঙ্গলবার বিকেলে উত্তরখানের ‘আযাদ ভিলা’য় অভিযানের আগ পর্যন্ত পুলিশ কর্মকর্তাদের ধারণা ছিল, তিনি ওই বাড়িতেই আছেন।ডিবির উপকমিশনার (উত্তর) মাহাবুবর রহমান প্রথম আলোকে বলেন, আবুল কালাম আযাদের ওপর নজরদারি করছিলেন পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্যরা। পরোয়ানা পেয়ে ডিবির একটি দল তাঁকে গ্রেপ্তার করতে গিয়ে না পেয়ে ফিরে আসে।ডিএমপি কমিশনারের মুখপাত্র ও ডিবির আরেক উপকমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘আবুল কালাম আযাদকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। তিনি উত্তরা বা ফরিদপুরে তাঁর মালিকানাধীন বাড়িতে নেই। আত্মীয়স্বজনের বাসায় তাঁকে খোঁজা হচ্ছে। প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে।’