আযাদকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া জামায়াতের সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে। তিনি বলেন, বাচ্চু রাজাকার কীভাবে পালিয়ে গেছেন, তা তদন্ত করা হচ্ছে।আজ মঙ্গলবার বিকেলে বনানী থানা উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এ নিয়ে রাজধানীতে ৪৩টি থানা হলো। খবর ইউএনবির।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবুল কালাম আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তিনি ভারতে পালিয়ে যান। তাঁকে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে তাঁর শ্যালক এবং দুই ছেলেকে গ্রেপ্তার করে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।