আযাদকে তাঁরা হত্যা করতে দেখেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের তিনজন প্রত্যক্ষদর্শী সাক্ষী। তাঁরা প্রত্যেকে জবানবন্দিতে বলেছেন, তাঁরা মুক্তিযুদ্ধকালে আযাদকে গুলি করে মানুষ হত্যা করতে দেখেছেন।এই তিনজন হলেন রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী প্রফুল্ল কুমার মণ্ডল, নবম সাক্ষী নগেনচন্দ্র মণ্ডল ও দশম সাক্ষী তুষ্টকুমার মণ্ডল। বিচারপতি এ টি এম ফজলে কবীর, বিচারপতি ওবায়দুল হাসান ও মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই তিনজন সাক্ষ্য দেন।প্রফুল্ল মণ্ডল (৬৩) জবানবন্দিতে বলেন, তাঁর বাড়ি ফরিদপুরের সালথা থানার পুরুরা নমপাড়া গ্রামে। একাত্তরে তিনি সরকারি রাজেন্দ্র কলেজে বিএসসি শেষ বর্ষে পড়তেন। একাত্তরের ১৬ মে (১ জ্যৈষ্ঠ) বেলা একটার দিকে তিনি বাড়ির বাইরে মানুষের হইচই শোনেন। এতে তিনি বাড়ির পূর্ব পাশে পাটখেত পর্যন্ত গিয়ে দেখেন, অস্ত্রধারী ১০-১২ জন মাধবচন্দ্র বিশ্বাসকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে নিয়ে আসছে। মাধবকে তুষ্ট মাস্টারের বাড়ির পুকুরপাড়ে নেওয়ার পর আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু মিয়া নিজ হাতে তাঁকে গুলি করে হত্যা করেন।প্রফুল্লের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। আযাদকে কীভাবে চিনতেন—কৌঁসুলির এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি ও বাচ্চু মিয়া একই সময়ে রাজেন্দ্র কলেজে পড়তেন। ১৯৭০-৭১ সালে বাচ্চুকে তিনি জামায়াতের সভায় অংশ নিতে দেখেছেন।ফরিদপুরের ইউসুফদিয়া হাইস্কুলের সাবেক এই প্রধান শিক্ষক জবানবন্দিতে আরও বলেন, মাধবকে হত্যার চার-পাঁচ মিনিট পর একই জায়গায় জ্ঞানেন্দ্র নামের একজনকে গুলি করে হত্যা করেন বাচ্চু মিয়া। জ্ঞানেন্দ্র মাধবের প্রতিবেশী দুয়ারি সর্দারের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাচ্চু ও তাঁর সঙ্গীদের দেখে জ্ঞানেন্দ্র পালানোর চেষ্টা করলে রাজাকাররা ধরে ফেলে। পরে বাচ্চুর সঙ্গীরা গ্রামের তিনটি হিন্দুপাড়ায় লুটপাট করে। এরপর ৪০০-৫০০ হিন্দু পরিবার ভয়ে ভারতে চলে যায়।রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী তুষ্ট মণ্ডলও (৫৪) জবানবন্দিতে মাধব ও জ্ঞানেন্দ্র হত্যাকাণ্ডের প্রায় একই বিবরণ দেন। প্রত্যক্ষদর্শী এই সাক্ষী বলেন, বাচ্চু রাজাকার তাঁর বাড়ির ১০০ গজ দূরে ওই দুজনকে নিজে গুলি করে হত্যা করেন।তুষ্ট মণ্ডলের আগে নবম সাক্ষী নগেন মণ্ডল (৭২) জবানবন্দিতে বলেন, তাঁর বাড়ি ফরিদপুরের নগরকান্দার ফুলবাড়িয়া গ্রামে। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯ জ্যৈষ্ঠ বেলা ১১টার দিকে তাঁর বাড়ির ১০০ গজ পশ্চিমে নদীতে বড় দুটি নৌকা থামে। নৌকায় বড়খাড়দিয়ার বাচ্চু রাজাকারসহ আনুমানিক ৩০ জন ছিল। নিজের পানের বরজে লুকিয়ে তিনি দেখেন, বাচ্চু রাজাকারের ঘাড়ে রাইফেল, আরেকজনের ঘাড়ে লোহার দণ্ড। এর মধ্যে ১০ জন চিত্তরঞ্জন দাসের বাড়ি যায়, বাকিরা গ্রামে ছড়িয়ে পড়ে। বাচ্চুর নেতৃত্বে তাঁর সহযোগীরা চিত্তরঞ্জনের ধান-চাল, স্বর্ণালংকার, টাকা লুট করে নৌকায় তোলে। বাচ্চুকে এ সময় চিত্ত বলেন, ‘দাদা, সব যে নিয়ে গেলেন, আমার বাচ্চারা কী খাবে?’ বাচ্চু প্রশ্ন করেন, ‘এটা তোর বাড়ি?’ চিত্ত ‘হ্যাঁ’ বলার সঙ্গে সঙ্গে বাচ্চু তাঁর হাত বেঁধে ফেলেন। চিত্তের স্ত্রী জ্যোৎস্না স্বামীকে ছেড়ে দিতে বললে বাচ্চু তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন। পরে চিত্তকে টেনেহিঁচড়ে বাড়ির পূর্ব কোণে একটি গাছের কাছে নিয়ে বাচ্চু গুলি করে হত্যা করেন। তাঁর মরদেহ নদীতে ফেলে দেওয়ায় পাওয়া যায়নি।নগেন আরও বলেন, চিত্তের বাড়ি থেকে বেরিয়ে বাচ্চু ও তাঁর সঙ্গীরা দক্ষিণ দিকে যাওয়ার পথে বাদল দেবনাথকে পায়। বাচ্চু তাঁকেও গুলি করে হত্যা করেন। এ ঘটনাও তিনি দেখেছেন। গ্রামে ঢোকা সশস্ত্র ব্যক্তিরা বাড়িঘর লুট ও ভাঙচুর করে।জবানবন্দির শেষ পর্যায়ে সাক্ষী বলেন, বাচ্চুর কাকার বাড়ি থেকে পানের চারা কেনার সময় বাচ্চুকে দেখেছেন। তাই তিনি বাচ্চুকে চিনতেন।জবানবন্দির পর এই তিন সাক্ষীকেই জেরা শেষ করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান। আজ মঙ্গলবারও এই মামলায় সাক্ষ্য নেওয়া হবে।