আযাদকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক রুকন (সদস্য) আবুল কালাম আযাদকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে আগামী ৭ অক্টোবর মধ্যে দুটি বহুল প্রচারিত দৈনিকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ রোববার এ নির্দেশ দেন।বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে আযাদ হাজির না হলে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তাঁর অবর্তমানে বিচারকাজ শুরু হবে।আজ সকালে ট্রাইব্যুনালের কার্যক্রমের শুরুতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান আযাদের বিষয়ে ডিএমপি কর্তৃক সরবরাহ করা প্রতিবেদনের কথা উল্লেখ করেন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, মামলার সর্বশেষ প্রতিবেদন ডিএমপি তাঁদের কাছে জমা দেয়নি। আজ বেলা তিনটার মধ্যে প্রতিবেদনটি ট্রাইব্যুনালে জমা হলে এ বিষয়ে আদেশ দেওয়া হবে।