জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদের অনুপস্থিতিতেই তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল রোববার এ আদেশ দেন।ট্রাইব্যুনাল আদেশে বলেন, আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারকে ট্রাইব্যুনালে হাজির হওয়া-সংক্রান্ত নির্দেশ গত ২৫ সেপ্টেম্বর দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে হাজির না হলে তাঁর অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম শুরু হবে। তিনি ১০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় তাঁর অনুপস্থিতিতে বিচারকাজ শুরু করা হচ্ছে।আদেশে ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস শুকুর খানকে রাষ্ট্র-নিয়োজিত আসামিপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দেন। ১১ অক্টোবরের মধ্যে এই আইনজীবীর কাছে আবুল কালাম আযাদের বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ ও সংশ্লিষ্ট নথিপত্রের অনুলিপি দিতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলিকে নির্দেশ দেওয়া হয়। ওই দিন এই মামলার পরবর্তী আদেশ দেওয়া হবে।গত বছরের ১০ এপ্রিল মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা আবুল কালাম আযাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে চলতি বছরের ৩ এপ্রিল তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু ওই পরোয়ানা নিয়ে পুলিশ রাজধানীর উত্তরখানে আযাদের বাড়িতে গিয়ে তাঁকে পায়নি। তিনি পলাতক রয়েছেন।রাষ্ট্রপক্ষ ২ সেপ্টেম্বর আবুল কালাম আযাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। আনুষ্ঠানিক অভিযোগে একাত্তরে মুক্তিযুদ্ধকালে আবুল কালাম আযাদের বিরুদ্ধে দুটি গণহত্যাসহ হত্যা, ধর্ষণ, অপহরণ, ধর্মান্তরিত, দেশত্যাগে বাধ্য করা, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের অভিযোগ রয়েছে।মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি ১৮ অক্টোবর: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানির জন্য ১৮ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-২। গতকাল মতিয়া চৌধুরীর আইনজীবী রেজিয়া সুলতানার সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই দিন ধার্য করা হয়।বক্তব্যের বিষয়ে মতিয়া চৌধুরীর লিখিত ব্যাখ্যা তাঁর আইনজীবী গত বৃহস্পতিবার উপস্থাপন করেন।মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের আইনজীবী তাজুল ইসলাম গত ২৯ আগস্ট মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেন। আবেদনে বলা হয়, ৭ আগস্ট শেরপুরে গরিবদের মধ্যে সেমাই, চিনি প্রভৃতি বিতরণকালে মতিয়া চৌধুরীর দেওয়া বক্তব্য আদালত অবমাননার শামিল।