আযাদের অবস্থান সম্পর্কে তথ্য আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আযাদের অবস্থান সম্পর্কে সরকারের কাছে তথ্য আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। খবর বাসসের। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পলাতক বাচ্চু রাজাকার একটি দেশে অবস্থান করছে। ওই দেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ করে তাকে দেশে ফিরিয়ে আনা হবে।’ তবে আযাদ কোন দেশে আছেন, সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানাননি তিনি।আজ মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনে ‘পুলিশ সপ্তাহ-২০১৩’ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘বাচ্চু রাজাকার যে দেশেই থাকুক না কেন, তাকে অবশ্যই দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।’ তিনি আরও বলেন, ‘বাচ্চু রাজাকারকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনে আমরা ইন্টারপোলের সাহায্য নেব।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক বিবেচনায় নয়, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন, সাহসী ভূমিকা এবং জনগণকে সেবা প্রদানের মানদণ্ডে পুলিশ পদক দেওয়া হয়। তিনি বলেন, ১৯৭১ সালে চুরি-ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ হতো। বর্তমানে জনসংখ্যা ১৫ কোটি ৩০ লাখ হলেও সে তুলনায় আনুপাতিক হারে অপরাধ অনেকাংশে কম। যুগের বিবর্তনে সন্ত্রাসীরা সাইবার ক্রাইম ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। তাদের প্রতিহত করতে হলে পুলিশ সদস্যদের আধুনিক প্রশিক্ষণের প্রয়োজন বলে মন্ত্রী উল্লেখ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমেদ ও পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বক্তব্য দেন।