আযাদের আপিল করার সময় শেষ
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আবুল কালাম আযাদের আপিল করার নির্ধারিত সময়সীমা গতকাল বুধবার শেষ হয়ে গেছে। তিনি রায়ের বিরুদ্ধে আপিল করেননি।আইন অনুসারে আযাদ আর আপিল করতে পারবেন না বলে জানিয়েছেন ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী কৌঁসুলি।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ২১ জানুয়ারি জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আযাদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তাঁর বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে সাতটি প্রমাণিত হয়, এগুলোর একটি ছিল গণহত্যার (জেনোসাইড) অভিযোগ।আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ২১(৩) ধারা অনুসারে, ট্রাইব্যুনালে দণ্ড পাওয়া ব্যক্তির সুপ্রিম কোর্টে আপিল করার অধিকার থাকবে। তবে তা করতে হবে ৩০ দিনের মধ্যে। মূল আইনে ৬০ দিনের মধ্যে আপিলের বিধান থাকলেও ২০১২ সালে আইনের দ্বিতীয় সংশোধনীতে আপিলের সময়সীমা কমিয়ে ৩০ দিন করা হয়। সে অনুসারে গতকাল আযাদের আপিল করার সময়সীমা শেষ হয়।ট্রাইব্যুনালে আযাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী কৌঁসুলি সাহিদুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘যেহেতু আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকার নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল করেননি, তাই আইন অনুসারে তিনি আর আপিল করতে পারবেন না। তবে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ রয়েছে।’আযাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান প্রথম আলোকে বলেন, ‘আইনে নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় আবুল কালাম আযাদের আপিলের সুযোগ আর থাকল না।’ লিমিটেশন অ্যাক্ট অনুসারে আপিলে বিলম্ব মার্জনার সুযোগ থাকবে কি না—এ প্রশ্নে তিনি বলেন, ‘এখানে সে সুযোগ নেই। তবে তিনি ধরা পড়লে আদালতের কাছে আপিলের বিশেষ সুযোগ প্রার্থনা করতে পারেন। তবে তা গ্রহণ হবে কি না, তা সম্পূর্ণ আদালতের এখতিয়ার।’আযাদের পরিবারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেছিলেন কি না—এ প্রশ্নের জবাবে আবদুস শুকুর খান বলেন, ‘আযাদের পরিবারের সদস্যরা মামলার শুরু থেকেই সহযোগিতা করেননি। তাই আমি নিজে থেকে আর যোগাযোগ করিনি। তাঁরাও কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি।’রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩ এপ্রিল ট্রাইব্যুনাল-২ আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু সেদিন উত্তরখানে আযাদের বাসভবন আযাদ ভিলায় গিয়ে পুলিশ তাঁকে পায়নি। জানা যায়, তিনি হিলি সীমান্ত অতিক্রম করে ভারতে চলে গেছেন। পরে ট্রাইব্যুনাল তাঁকে পলাতক ঘোষণা করে তাঁর অনুপস্থিতিতেই বিচার শুরু করেন। তাঁর পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুস শুকুর খানকে নিয়োগ দেওয়া হয়। ৪ নভেম্বর আযাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণ ও যুক্তি উপস্থাপন কার্যক্রম চলে ২৬ ডিসেম্বর পর্যন্ত। ২১ জানুয়ারি এই মামলার রায় হয়। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর মধ্যে এটিই ছিল প্রথম রায়।