মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটনের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদ আর আপিল করতে পারবেন না। আজ বুধবার তাঁর আপিলের সময়সীমা শেষ হয়ে গেছে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ২১ জানুয়ারি আযাদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা আটটি অভিযোগের মধ্যে সাতটি প্রমাণিত হয়, যার মধ্যে একটি ছিল গণহত্যার (জেনোসাইড) অভিযোগ।আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ২১(৩) ধারা অনুসারে, ট্রাইব্যুনালে দণ্ড পাওয়া ব্যক্তির সুপ্রিম কোর্টে আপিল করার অধিকার থাকবে। তবে তা করতে হবে ৩০ দিনের মধ্যে। মূল আইনে ৬০ দিনের মধ্যে আপিলের বিধান থাকলেও ২০১২ সালে আইনের দ্বিতীয় সংশোধনীতে আপিলের সময়সীমা কমিয়ে ৩০ দিন করা হয়। সে অনুসারে আজই আযাদের আপিলের সময়সীমা শেষ হয়ে গেল।আযাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী কৌঁসুলি সাহিদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘যেহেতু আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকার নির্ধারিত ৩০দিনের মধ্যে আপিল করতে পারেননি, তাই আইন অনুসারে তিনি আর আপিল করতে পারবেন না। তবে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির ক্ষমা চাওয়ার সুযোগ রয়েছে।’আযাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আইনে নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় আবুল কালাম আযাদের আপিলের সুযোগ আর থাকল না।’ লিমিটেশন অ্যাক্ট অনুসারে আপিলে বিলম্ব মার্জনার সুযোগ থাকবে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে সে সুযোগ নেই। তবে তিনি ধরা পড়লে আদালতের কাছে আপিলের বিশেষ সুযোগ প্রার্থনা করতে পারেন। তবে তা গ্রহণ হবে কি না, তা সম্পূর্ণ আদালতের এখতিয়ার।’রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩ এপ্রিল ট্রাইব্যুনাল-২ আবুল কালাম আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু উত্তরখানে আযাদের বাসভবন আযাদ ভিলায় গিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। পরে জানা যায়, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। ২ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আযাদকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু আযাদ হাজির হননি। ট্রাইব্যুনাল তাঁকে পলাতক ঘোষণা করে তাঁর অনুপস্থিতিতেই বিচার শুরু করেন। তাঁর পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুস শুকুর খানকে নিয়োগ দেওয়া হয়। গত ৪ নভেম্বর আযাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণ ও যুক্তি উপস্থাপন কার্যক্রম চলে ২৬ ডিসেম্বর পর্যন্ত। ২১ জানুয়ারি মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।