আযাদের চেয়ে কাদের মোল্লার অভিযোগ বেশি গুরুতর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি (চিফ প্রসিকিউটর) গোলাম আরিফ টিপু মনে করেন, কাদের মোল্লার বিরুদ্ধে এমন কয়েকটি অভিযোগ রয়েছে, যা আবুল কালাম আযাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর চেয়েও গুরুতর।ট্রাইব্যুনাল-২ গত মঙ্গলবার দ্বিতীয় রায় দিয়েছেন। এতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অথচ এর মাত্র কয়েক দিন আগে, গত ২১ জানুয়ারি জামায়াতের সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ডাদেশ দেন একই ট্রাইব্যুনাল। এ নিয়ে দেশব্যাপী সমালোচনা হচ্ছে। দেশজুড়ে বিক্ষোভ এখনো অব্যাহত রয়েছে। রায়ের বিভিন্ন দিক নিয়ে গতকাল বুধবার বিকেলে প্রথম আলোর পক্ষ থেকে গোলাম আরিফের একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার নেওয়া হয়। প্রশ্ন: আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে যে পাঁচটি অভিযোগ প্রমাণ হয়েছে, তাঁর কোনটি মৃত্যুদণ্ডযোগ্য? উত্তর: হত্যা, গণহত্যা, ধর্ষণ প্রভৃতি অভিযোগ মৃত্যুদণ্ডযোগ্য বলে আমি মনে করি। এ বিচার নিয়ে আইনের দৃষ্টিকোণ থেকে যে ব্যবস্থা এবং দেশবাসী ও জনগণের যে প্রত্যাশা, তাঁতে মৃত্যুদণ্ড দেওয়া যায়।প্রশ্ন: তাহলে মৃত্যুদণ্ড দেওয়া হলো না কেন?উত্তর: সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়।প্রশ্ন: কয়েক দিন আগে একই ট্রাইব্যুনাল আবুল কালাম আযাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। আযাদের বিরুদ্ধে অভিযোগগুলো ও কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে কোনগুলো বেশি গুরুতর বলে আপনি মনে করেন?উত্তর: আমি মনে করি, কাদের মোল্লার বিরুদ্ধে কয়েকটি অভিযোগ আবুল কালাম আযাদের বিরুদ্ধে অভিযোগগুলোর চেয়েও গুরুতর।প্রশ্ন: অভিযোগ প্রমাণ করতে তাহলে কি প্রসিকিউশনের দুর্বলতা ছিল?উত্তর: আমরা (প্রসিকিউশন টিম) যথাযথভাবে প্রত্যেকটি অভিযোগ প্রমাণ করার চেষ্টা করেছি।প্রশ্ন: রায়ের বিরুদ্ধে কি রাষ্ট্রপক্ষের আপিল করার সুযোগ আছে?উত্তর: রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ ও বাদীপক্ষ উভয়েরই সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ রয়েছে। আসামিপক্ষ আপিল করলে তারা নোটিশ পাবে, আমরাও নোটিশ পাব। তখন আমরাও সেখানে গিয়ে (আপিল বিভাগ) আমাদের পয়েন্টগুলো তুলে ধরতে পারব। আর চতুর্থ অভিযোগ যেটা খালাস হয়েছে, তাঁর বিরুদ্ধে বাদীপক্ষ আপিল করতে পারবে।প্রশ্ন: ট্রাইব্যুনালস আইনে ফৌজদারি কার্যবিধি ও সাক্ষ্য আইন প্রযোজ্য নয়। কিন্তু এই আইনের অধীনে মামলা পরিচালনা করার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি ও সাক্ষ্য আইনে অভ্যস্ততার কোনো প্রভাব কি থেকে যাচ্ছে?উত্তর: না, এ ধরনের কোনো প্রভাব নেই। এই আইনে ফৌজদারি কার্যবিধি ও সাক্ষ্য আইন কার্যকর রাখা হয়নি কারণ ফৌজদারি মামলায় যে পদ্ধতিতে ও যেভাবে সাক্ষ্য নেওয়া হয়, এখানে সেভাবে সাক্ষ্য পাওয়ার সম্ভাবনা নেই। ৪০ বছর আগের ঘটনা, অনেকে মারা গেছেন। আবার স্বাধীনতার বিপক্ষের যেসব সরকার ক্ষমতায় ছিল, তারা বিভিন্ন সময় নানা গুরুত্বপূর্ণ নথি নষ্ট করে ফেলেছে।