আযাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়েছে। আজ রোববার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।আদেশে বলা হয়, ২৩ সেপ্টেম্বরের মধ্যে আবুল কালাম আযাদকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। ব্যর্থ হলে রাষ্ট্রপক্ষকে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে। আসামিকে হাজির করা না গেলে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শুরু হবে।আবুল কালাম আযাদ বর্তমানে পলাতক আছেন। নিয়ম অনুযায়ী, আসামি পলাতক থাকলে তাঁর অনুপস্থিতিতেই বিচারকাজ সম্পন্ন করা হয়।২ সেপ্টেম্বর আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১০টি অভিযোগ আনা হয়।এর আগে গত ৩ এপ্রিল রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই দিন পুলিশ তাঁর উত্তরার বাড়িতে গিয়ে তাঁকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। এরপর থেকে তিনি পলাতক আছেন।গত বছরের ১০ এপ্রিল তদন্ত সংস্থা বাচ্চু রাজাকারের বিরুদ্ধে তদন্ত শুরু করে। এ বছরের ২৬ জুলাই তদন্ত শেষ হয়। তদন্ত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে গণহত্যার দুটিসহ হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, ধর্মান্তরিত করা ও দেশান্তরের মোট ১০টি অভিযোগ আনা হয়। ২৯ জুলাই তদন্ত সংস্থা রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে তদন্ত প্রতিবেদন দেয়।