আযাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১ নভেম্বর
জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) মাওলানা আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আগামী ১ নভেম্বর আদেশের তারিখ ধার্য করা হয়েছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ রোববার এ তারিখ ধার্য করেন।আযাদের বিরুদ্ধে আজ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শাহিদুর ইসলাম বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অভিযোগ উপস্থাপন করেন। এ সময় আযাদের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, ধর্মান্তরিতকরণসহ ১০টি অভিযোগ আনেন তিনি।এই অভিযোগগুলো আমলে নেওয়ার জন্য ট্রাইব্যুনালের প্রতি আবেদন জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।আসামিপক্ষের আইনজীবী আবদুস শুকুর খান শুনানিতে অংশ নিয়ে আযাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিরোধিতা করেন এবং অভিযোগ থেকে তাঁর অব্যাহতির আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আগামী ১ নভেম্বর অভিযোগ গঠনের বিষয়ে আদেশের তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল।