আযাদের বিরুদ্ধে রায় যেকোনো দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে যেকোনো দিন। গতকাল বুধবার এই মামলায় যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় অপেক্ষাধীন (সিএভি) রাখেন।এ নিয়ে দুটি ট্রাইব্যুনালে বিচারাধীন মানবতাবিরোধী অপরাধের নয়টি মামলার মধ্যে দুটি মামলার যুক্তি-তর্ক শেষ হলো। এর আগে ট্রাইব্যুনাল-১-এ জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলাটিও রায়ের অপেক্ষায় আছে। তবে মামলাটির পুনর্বিচার চেয়ে সাঈদীর আইনজীবী আবেদন করেছেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল রাষ্ট্রপক্ষ আযাদের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শেষ করে। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মজিবুর রহমান মিয়া ও মো. শাহিনুর ইসলাম। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী আইনগত দিক ব্যাখ্যা করে বলেন, এই মামলায় আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে পাওয়া সাক্ষ্য-প্রমাণ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। এ জন্য আসামি সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। পরে তিনি তদন্ত সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও আসামিপক্ষের আইনজীবীকে ধন্যবাদ জানান। এরপর ট্রাইব্যুনাল উভয় পক্ষের আইনজীবীদের ধন্যবাদ জানিয়ে বলেন, যেকোনো দিন এই মামলার রায় হতে পারে। রায় সিএভি (কেস অ্যায়োটিং ফর ভারডিক্ট) রাখা হলো।গত ৪ নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে আবুল কালাম আযাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়। দুই মাসের কম সময়ে এই মামলার বিচারিক কার্যক্রম শেষ হলো। আযাদের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু হয়েছিল ২০১১ সালের ১০ এপ্রিল। চলতি বছরের ২৫ মার্চ তাঁর বিরুদ্ধে তদন্তের বিষয়টি ট্রাইব্যুনাল-২-এ আনে রাষ্ট্রপক্ষ। ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে’ ওই দিন রাষ্ট্রপক্ষ তাঁকে গ্রেপ্তারের আবেদন করে। ৩ এপ্রিল ট্রাইব্যুনাল আযাদকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেন। কিন্তু সেদিন উত্তরখানে আযাদের বাসভবন ‘আযাদ ভিলা’য় গিয়ে পুলিশ তাঁকে পায়নি। এর আগেই তিনি পালিয়ে যান। ২৫ সেপ্টেম্বর দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে আযাদকে সাত দিনের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়। কিন্তু তিনি হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল তাঁকে পলাতক ঘোষণা করেন এবং তাঁর অনুপস্থিতিতে বিচার শুরু করেন। ৭ অক্টোবর পলাতক আযাদের পক্ষে আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুস শুকুর খানকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল।৪ নভেম্বর আযাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ গঠন করা হয়। ২৬ নভেম্বর থেকে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য নেওয়া শুরু হয়, চলে ২০ ডিসেম্বর পর্যন্ত। মামলার তদন্ত কর্মকর্তা নূর হোসেনসহ রাষ্ট্রপক্ষের ২২ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। তবে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান কোনো সাক্ষী হাজির করতে না পারায় ট্রাইব্যুনাল যুক্তি উপস্থাপনের জন্য ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন। দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গতকাল মামলার কার্যক্রম শেষ হয়।আট অভিযোগ: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৩(২) ধারায় আযাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ছয় ধরনের অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। এগুলো হলো: গণহত্যা, হত্যা, ধর্ষণ, অপহরণ, আটক রাখা ও নির্যাতন। প্রথম, দ্বিতীয় ও অষ্টম অভিযোগে আযাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে অপহরণ, আটক রাখা ও নির্যাতনের অভিযোগ আনা হয়। এগুলো হলো: একাত্তরের জুনে রণজিৎ নাথ ওরফে বাবু নাথকে অপহরণ করে আটকে রেখে নির্যাতন, ২৬ জুলাই আবু ইউসুফ ওরফে পাখিকে অপহরণ করে ফরিদপুর স্টেডিয়ামে আটকে রেখে নির্যাতন এবং ১৮ মে এক নারীকে আটকে রেখে নির্যাতন।আযাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ অভিযোগে। যাঁদের হত্যার অভিযোগ আনা হয়েছে তাঁরা হলেন: কলারন গ্রামের জমিদার সুধাংশু মোহন রায়, পুরুরা নমপাড়া গ্রামের মাধব চন্দ্র বিশ্বাস ও ফুলবাড়িয়া গ্রামের চিত্তরঞ্জন দাস। পঞ্চম অভিযোগে তাঁর বিরুদ্ধে নতিবদিয়া গ্রামের দুই নারীকে ধর্ষণের অভিযোগ আনা হয়।আযাদের বিরুদ্ধে গণহত্যার একমাত্র অভিযোগটি আনা হয়েছে সাত নম্বর অভিযোগে। এ অভিযোগ অনুসারে, একাত্তরের ১৭ মে তিনি ৩০-৩৫ জন সশস্ত্র রাজাকারকে নিয়ে ফরিদপুরের বোয়ালমারী থানার হাসামদিয়া গ্রামের হিন্দুপাড়ায় হামলা চালান। সেখানে নির্বিচারে গুলি করে শরৎ চন্দ্র পোদ্দার, সুরেশ পোদ্দার, শ্যামাপদ পোদ্দার, জতীন্দ্র মোহন সাহা, নীল রতন সমাদ্দার, সুবল কয়াল ও মল্লিক চক্রবর্তীকে হত্যা করা হয়। হিন্দুধর্মাবলম্বীদের আংশিক বা সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য এই হত্যাকাণ্ড চালানো হয় বলে তাঁর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে।