আযাদের বিরুদ্ধে সূচনা বক্তব্যের দিন পুনর্নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। বক্তব্য উপস্থাপনের জন্য ১৪ নভেম্বরের পরিবর্তে ২৬ নভেম্বর তারিখ ধার্য করা হয়েছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বুধবার এই তারিখ ধার্য করেন। একই সঙ্গে ওই দিন আসামিপক্ষের সাক্ষীর তালিকা ও সংশ্লিষ্ট নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৩ এপ্রিল এই ট্রাইব্যুনাল আবুল কালাম আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু পুলিশ তাঁর উত্তরখানের বাড়ি ‘আযাদ ভিলা’য় গিয়ে তাঁকে পায়নি। পরে ঢাকা মহানগর পুলিশ এক প্রতিবেদনে ট্রাইব্যুনালকে জানায়, আযাদ পলাতক এবং দেশ ত্যাগ করেছেন।গত ২ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ২৫ সেপ্টেম্বর আযাদকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করলেও তিনি হাজির হননি। তাই ৪ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে তাঁর অনুপস্থিতিতেই বিচারকাজ শুরু হয়।