আযাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনলেন রাষ্ট্রপক্ষের দুই সাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল এ মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমানের সূচনা বক্তব্যের পর সাক্ষ্য দেন রাষ্ট্রপক্ষের প্রথম ও দ্বিতীয় সাক্ষী যথাক্রমে নেপাল চন্দ্র পাঠক ও জ্যোৎস্না রানী দাস।সাক্ষীদের জবানবন্দি নেন সাহিদুর রহমান। জবানবন্দিতে তাঁরা একাত্তরে আযাদের বিরুদ্ধে যথাক্রমে সুধাংশু মোহন রায় ও চিত্তরঞ্জন দাসকে হত্যার অভিযোগ আনেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই মামলার বিচারকাজ চলছে। গতকাল কার্যক্রমের শুরুতে সূচনা বক্তব্য উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। তিনি বলেন, একাত্তরের ২৫ মার্চের পর আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকার ফরিদপুরে বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ করেন।‘সুধাংশু মোহনকে গুলি করে হত্যা করেন বাচ্চু’: প্রথম সাক্ষী নেপাল চন্দ্র জবানবন্দিতে বলেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁর বড় ভাই একাত্তরে কলারনের জমিদার সুধাংশু মোহন রায়ের বাড়িতে কাজ করতেন। ১৪ মে তিনি জমিদারবাড়িতে ভাইয়ের কাছে যান। ওই দিন বেলা তিনটায় বাচ্চু রাজাকার রাইফেল হাতে ১০-১২ জনকে নিয়ে ওই বাড়িতে ঢোকেন। বাচ্চু সুধাংশুকে টেনে আনলে তাঁর স্ত্রী ও ছেলেমেয়েরা বাচ্চুর পা ধরে কান্নাকাটি করে তাঁকে ছেড়ে দিতে বলেন। কিন্তু বাচ্চু সুধাংশুকে ছেলে কেষ্টসহ বাড়ির পূর্ব দিকে নিয়ে যান। সুধাংশুর স্ত্রী ও অন্য সন্তানেরা পেছনে পেছনে যান। সেই দলে সাক্ষীও ছিলেন। কিছু দূর গিয়ে সুধাংশুর হাত থেকে মূল্যবান আংটিগুলো খুলে নিয়ে বাবা ও ছেলেকে চলে যেতে বলা হয়। তাঁরা বাড়িমুখী হলে বাচ্চু রাইফেল দিয়ে সুধাংশুর পিঠে গুলি করেন। গুলি পিঠ দিয়ে ঢুকে পেট ফুরে বের হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় কেষ্ট আর্তনাদ করলে বাচ্চুর সঙ্গে থাকা অপর একজন তাঁর পায়ে গুলি করেন। তবে কেষ্ট বেঁচে যান। বাচ্চু ও তাঁর সহযোগীরা চলে যাওয়ার পর সাক্ষী ও অন্যরা মিলে মরদেহ সৎকার করেন।সাক্ষী বলেন, ওই ঘটনার পর বাচ্চু পাকিস্তানিদের সঙ্গে হাসামদিয়া গ্রামে ঢুকে অনেক মানুষকে গুলি করে হত্যা করেন।জবানবন্দি শেষে নেপাল চন্দ্রকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান। একাত্তরে বাচ্চুকে চিনতেন?—আইনজীবীর এ প্রশ্নে সাক্ষী বলেন, বাচ্চু তাঁর পাশের গ্রামের এবং একই হাটে তাঁরা বাজার করতেন বলে তিনি তাঁকে চিনতেন। সুধাংশুকে হত্যার সময় বাচ্চুর দলের আর কজন আপনার পরিচিত ছিলেন—এ প্রশ্নে তিনি বলেন, দুজন।‘চিত্তরঞ্জনকে হত্যা করেন বাচ্চু’: এরপর জবানবন্দি দেন রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী জ্যোৎস্না রানী দাস। জবানবন্দিতে তিনি বলেন, তাঁর বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলবাড়িয়া গ্রামে। তাঁর স্বামী চিত্তরঞ্জন দাস। মুক্তিযুদ্ধকালে জ্যৈষ্ঠ মাসের ১৯ তারিখে দুটি নৌকায় করে ২০-২৫ জনকে নিয়ে বাচ্চু রাজাকার রাইফেল হাতে তাঁদের গ্রামে ঢোকেন। আট-নয়জন তাঁদের বাড়িতে ঢোকেন। বাচ্চু তাঁর স্বামীকে রাইফেল দিয়ে মারধর করেন এবং অন্যরা ঘরে থাকা স্বর্ণালংকার লুট করেন। তিনি স্বামীকে বাঁচাতে গেলে তাঁকে ফেলে দিয়ে স্বামীকে ঘর থেকে ১৫০ হাত পূর্বে একটি গাছের নিচে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এর আধা ঘণ্টা পর তাঁদের বাড়ির পশ্চিম দিকে বাচ্চু গুলি করে বাদল দেবনাথকে হত্যা করেন। এরপর বাচ্চু ও তাঁর সঙ্গীরা তাঁর স্বামী ও বাদলের লাশ রশি দিয়ে বেঁধে পাশের কুমার নদে ফেলে দেন।সাক্ষী বলেন, তিনি স্বামীর লাশের সন্ধান না পেয়ে তিন-চার দিন পর তিন শিশুসন্তানকে নিয়ে মালেক বেপারীর বাড়িতে ১৫ দিন অবস্থান করেন। পরে ভারতে চলে যান। সেখানে কল্যাণী ক্যাম্পে থাকাকালে ডায়রিয়ায় তাঁর তিন সন্তানই মারা যায়। জবানবন্দির শেষ পর্যায়ে তিনি স্বামী ও সন্তানদের হত্যার বিচার চান।জবানবন্দি শেষে জ্যোৎস্নাকে জেরা করেন আবদুস শুকুর খান। একাত্তরের আগে বাচ্চু কী করতেন—এ প্রশ্নে সাক্ষী বলেন, তিনি জানেন না। তবে একাত্তরে তিনি মারামারি ও লুটপাট করতেন।জেরা শেষে ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন।