আযাদের মামলায় রায় দেওয়া শুরু
জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় দেওয়া শুরু হয়েছে। আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করছেন। আজ বেলা পৌনে ১১টায় রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। ট্রাইব্যুনালের অপর দুই সদস্যও উপস্থিত আছেন। শুরুতেই ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, এটা ১১২ পৃষ্ঠার একটি রায় এবং এখানে ১৩৪টি অনুচ্ছেদ আছে। তিনি বলেন, আমরা সংক্ষিপ্ত আকারে রায় পড়ছি। স্থান সংকুলান না হওয়ায় আজ ট্রাইব্যুনাল-২-এর কার্যক্রম ট্রাইব্যুনাল-১ এ চলছে।আযাদের বিরুদ্ধে মামলায় গত বছরের ২৬ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল-২ এ রায় অপেক্ষাধীন (সিএভি) রাখেন। রায় ঘোষণার জন্য ট্রাইব্যুনাল আজ কার্যতালিকায় এ মামলার কার্যক্রমের দিন ধার্য করেন। আযাদের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন সাহিদুর রহমান। এ মামলায় রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী ছিলেন আবদুস শুকুর খান। ট্রাইব্যুনাল ঘিরে কড়া নিরাপত্তারায় ঘোষণা উপলক্ষে পুরাতন হাইকোর্ট ভবন এলাকায় স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে আজ কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের পশ্চিম দিকের গেট (মাজারসংলগ্ন) সকাল নয়টা পর্যন্ত আটকানো ছিল। পূর্ব দিকের গেটটি (শিশু একাডেমিসংলগ্ন) বন্ধ। দুই দিকে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে। সকাল সোয়া আটটার দিকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ট্রাইব্যুনাল এলাকায় ঢুকেছে।পুলিশের রমনা জোনের ডিসি সৈয়দ নুরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, রায় ঘোষণা উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। অনুমোদন ছাড়া কাউকে ট্রাইব্যুনালে ঢুকতে দেওয়া হবে না।মামলা ও বিচার কার্যক্রমআযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু হয় ২০১১ সালের ১০ এপ্রিল। এ মামলার তদন্ত কর্মকর্তা নূর হোসেন। গত বছরের ২৫ মার্চ রাষ্ট্রপক্ষ তদন্তের বিষয়টি ট্রাইব্যুনাল-২-এ আনে এবং ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে’ আযাদকে গ্রেপ্তারের আবেদন করে। ৩ এপ্রিল ট্রাইব্যুনাল আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু সেদিন রাজধানীর উত্তরখানে আযাদের বাসভবন ‘আযাদ ভিলা’য় গিয়ে পুলিশ তাঁকে পায়নি। তিনি এর আগেই পালিয়ে যান। ২৫ সেপ্টেম্বর জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে তাঁকে সাত দিনের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়। তিনি হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল তাঁকে পলাতক ঘোষণা করে তাঁর অনুপস্থিতিতে বিচারকাজ শুরু করেন। ট্রাইব্যুনাল ৭ অক্টোবর তাঁর পক্ষে আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুস শুকুর খানকে নিয়োগ দেন।গত বছরের ৪ নভেম্বর আযাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। ২৬ নভেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়, চলে ২০ ডিসেম্বর পর্যন্ত। তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের ২২ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। তবে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী কোনো সাক্ষী হাজির করতে পারেননি। ২৩ ডিসেম্বর দুই পক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়। ২৬ ডিসেম্বর যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল মামলার রায় অপেক্ষমাণ রাখেন।আযাদের বিরুদ্ধে আট অভিযোগট্রাইব্যুনাল আযাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৩(২) ধারায় আট ধরনের অভিযোগ গঠন করেন।