আযাদের রায় হতে পারে যেকোনো দিন
জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) মাওলানা আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হওয়ায় ট্রাইব্যুনাল আজ বুধবার এ আদেশ দেন। ট্রাইব্যুনাল আরও বলেন, রায়ের দু-এক দিন আগে তারিখ জানিয়ে দেওয়া হবে। ২০১১ সালের ১০ এপ্রিল আযাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেন তদন্ত কর্মকর্তা নূর হোসেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে রাষ্ট্রপক্ষ গত ২৫ মার্চ আবুল কালাম আযাদকে গ্রেপ্তারের আবেদন করেন। ২ এপ্রিলের মধ্যে তদন্তের অগ্রগতি জানতে চান ট্রাইব্যুনাল।রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু উত্তরখানে তাঁর বাসভবন আযাদ ভিলায় গিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। তিনি বর্তমানে পলাতক।গত ২ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ২৫ সেপ্টেম্বর আযাদকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তিনি হাজির হননি। তাঁর অনুপস্থিতিতেই বিচার শুরু হয়। ৭ অক্টোবর পলাতক আযাদের পক্ষে আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের মো. আবদুস শুকুর খানকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় রাষ্ট্রপক্ষের ২২ জন সাক্ষ্য দিয়েছেন। তবে আসামিপক্ষের আইনজীবী কোনো সাক্ষী হাজির করতে পারেননি। জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পর এবার আরও একটি মামলা রায়ের ঘোষণা পর্যন্ত পৌঁছাল।