আযাদের রায়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদকে অভিযুক্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে যুক্তরাষ্ট্র। এ ধরনের অপরাধ ঘটানো ব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো সমর্থন করে তারা। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড এক বিবৃতিতে এ কথা জানান।বিবৃতিতে বলা হয়, এ ধরনের অপরাধ যারা করে, তাদের বিচারে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, এ ধরনের মামলার বিচার হতে হবে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ। আর বিচার হতে হবে দেশীয় ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে। কারণ, বাংলাদেশ বেসামরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক চুক্তিসহ আন্তর্জাতিক চুক্তিগুলো মেনে নিতে সম্মত আছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে বাংলাদেশে যে বিচার-প্রক্রিয়া চলছে, আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আরও কিছু মামলার রায়ের জন্য অপেক্ষা করছি। এই বিচার-প্রক্রিয়ায় যথাযথ মানের সঙ্গে একাত্ম থাকতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছে যুক্তরাষ্ট্র। আইনের ধারার প্রতি পুরোপুরি শ্রদ্ধা জ্ঞাপনও যুক্তরাষ্ট্রের কাম্য।’মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করে ২১ জানুয়ারি আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। ফাঁসিতে ঝুলিয়ে এই দণ্ড কার্যকর করার আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এটিই দেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম রায়। একই সঙ্গে বাংলাদেশের বিচারিক ইতিহাসে এই প্রথম কাউকে একাত্তরের গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করা হলো।