আযিযুল হক কলেজে অর্থ আত্মসাত্, ২২ জন অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় বগুড়া সরকারি আযিযুল হক কলেজের সাবেক অধ্যক্ষ সুলতান আলী, ছাত্রলীগের তিন নেতা ও কলেজের ১৫ কর্মচারীসহ ২২ জনের বিরুদ্ধে আদালতে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে আজ মঙ্গলবার দুদক বগুড়ার উপপরিচালক কামরুল আহসান এ অভিযোগপত্র দাখিল করেন।একটি মামলায় ১৩ লাখ ৫৯ হাজার ১১৪ টাকা আত্মসাতের জন্য যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তাঁরা হলেন সরকারি আযিযুল হক কলেজের সাবেক অধ্যক্ষ সুলতান আলী, সাবেক প্রধান সহকারী জসিম উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান সহকারী আবু এরশাদ, সাবেক হিসাব সহকারী এস এম আবদুল মান্নান, হিসাব সহকারী রফিকুল ইসলাম, অফিস সহকারী আকুল হোসেন, হিসাবরক্ষক গোলাম আযম, ইলেকট্রিশিয়ান মোন্তেজার রহমান, সহকারী ইলেকট্রিশিয়ান আজাহারুল ইসলাম, সহকারী হিসাবরক্ষক সরকার মেহেদী হাসান, পিয়ন শাহিনুর ইসলাম, জাহিদুর রহমান, হারুনর রশিদ, আলমগীর হোসেন ও আবদুল বাছেদ।আরেকটি মামলায় ২০ লাখ ৩৩ হাজার ৪৯৭ টাকা আত্মসাতের অভিযোগে যাঁদের অভিযুক্ত করা হয়েছে, তাঁরা হচ্ছেন সাবেক অধ্যক্ষ সুলতান আলীসহ কলেজের ১৫ জন কর্মচারী এবং ছাত্রলীগ আযিযুল হক কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক আবু জাফর মাহমুদ্দুন্নবী, কামরুল হুদা ও কামরুল হাসান।দুটি অভিযোগপত্রে উল্লে¬খ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০০৭ সালের ১৮ নভেম্বর থেকে ২০০৮ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে কলেজের পরিবহন, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ক্রীড়া, লাইব্রেরি, মসজিদ, চিকিত্সাসহ বিভিন্ন তহবিল থেকে ভুয়া বিল ভাউচার করে টাকা আত্মসাত্ করেন।প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১০ সালের ৪ অক্টোবর দুদক বগুড়া অফিসের উপসহকারী পরিচালক বীরকান্ত রায় বাদী হয়ে বগুড়া সদর থানায় পৃথক দুটি মামলা করেন।এরপর মামলা দুটির তদন্তভার দেওয়া হয় উপপরিচালক কামরুল আহসানের ওপর। প্রায় এক বছর তদন্ত শেষে তিনি আজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একটি মামলায় কলেজের শিক্ষক কর্মচারীসহ ৪৫ সাক্ষী করা হয়েছে এবং আরেকটি মামলায় সাক্ষী করা হয়েছে ৪১ জনকে।