আযিযুল হক কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, সশস্ত্র মহড়া
বগুড়ার সরকারি আযিযুল হক কলেজে গতকাল রোববার ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। এ সময় কলেজের পাশের চারটি ছাত্রাবাসে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের সামনেই অস্ত্র নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা মহড়া দিলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ঘটনার পর কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, স্নাতক পরীক্ষার ফরম পূরণের জন্য সকাল ১০টার দিকে কলেজের মনোবিজ্ঞান বিভাগে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই ছাত্রের মধ্যে কথাকাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এতে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুন্নবীর পক্ষের পলাশ নামের একজন আহত হন। আহ্বায়কের পক্ষের নেতা-কর্মীরা এ জন্য যুগ্ম আহ্বায়ক কামরুল হুদার পক্ষকে দায়ী করলে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের পক্ষের কর্মীরা রামদা, হকিস্টিক, লাঠি ও রড নিয়ে ক্যাম্পাসে মহড়া দিতে থাকেন। অনেক বহিরাগতকেও মহড়ায় অংশ নিতে দেখা যায়। এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।দুপুর দেড়টার দিকে উভয় পক্ষের নেতা-কর্মীরা কলেজের ক্যান্টিনের সামনে মুখোমুখি হলে ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের ছয়জন আহত হন। তাঁরা হলেন আহ্বায়ক মাহমুদুন্নবী, আমিনুল ইসলাম, আমিনুর রহমান, আবুল কালাম আজাদ, রাসেল মিয়া ও বহিরাগত জালাল আহমেদ। গুরুতর অবস্থায় অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আমিনুল ইসলামকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।পরে বেলা আড়াইটার দিকে ছাত্রলীগের কলেজ শাখার আহ্বায়ক মাহমুদুন্নবীর নেতৃত্বে একদল যুবক জহুরুল নগরের মাশরুফ, মেহেদী ও বুলবুলসহ চারটি ছাত্রাবাসে ভাঙচুর চালায় ও কয়েকজন ছাত্রকে মারধর করে। বেলা তিনটার দিকে আহ্বায়ক মাহমুদুন্নবী পক্ষের নেতা-কর্মীরা কলেজের বটতলায় প্রতিবাদ সভা করেন। তাঁরা সংঘর্ষের জন্য যুগ্ম আহ্বায়ক কামরুল হাসানের পক্ষকে দায়ী করে তাইজুল, গোলাপ, নাইমুল, রাসেল ও সাগর নামের পাঁচ কর্মীকে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করেন। দুই দিনের মধ্যে তাঁদের গ্রেপ্তার করতে পুলিশের প্রতি আহ্বানও জানান তাঁরা।যুগ্ম আহ্বায়ক কামরুল হুদার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফরম পূরণ করার সময় লাইনে দাঁড়ানো নিয়ে এ ঘটনা ঘটেছে। কলেজের আহ্বায়ক বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করেছেন।আহ্বায়ক মাহমুদুন্নবী বলেন, ‘ছাত্রলীগের নামে বহিরাগত ক্যাডাররা প্রতিদিন কলেজ ক্যাম্পাসে সশস্ত্র অবস্থান নিয়ে পড়াশোনার পরিবেশ নষ্টের ষড়যন্ত্র করছে। গতকাল বহিরাগতরা আমাদের এক কর্মীকে মারধর করেছে।’ তবে তাঁর নেতৃত্বে ছাত্রাবাসে হামলার বিষয়টি তিনি অস্বীকার করেন।অধ্যক্ষ এ কে এম ছালামত উল্লাহ বলেন, সংঘর্ষের ঘটনা ঘটলেও শান্তিপূর্ণভাবে ফরম পূরণের কাজ শেষ হয়েছে।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কলেজের পাশের কামারগাড়ী এলাকা থেকে আসলাম নামের এক বহিরাগতকে আটক করা হয়েছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।