চ্যানেল আইতে আজ বিকেলে দেখানো হবে গান নিয়ে স্টুডিও থেকে সরাসরি অনুষ্ঠান রানী গানে গানে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন নওশীন। কথা হলো তাঁর সঙ্গে।অন্য সব টিভি চ্যানেলে গান নিয়ে স্টুডিও থেকে সরাসরি অনুষ্ঠানগুলো রাতে প্রচারিত হয়। ‘রানী গানে গানে’ বিকেলে আয়োজনের কারণ কী?যেহেতু অন্য সব অনুষ্ঠান রাতে হচ্ছে, সেখান থেকে একটু ব্যতিক্রম করার জন্য রানী গানে গানে বিকেলে প্রচারের সিদ্ধান্ত হয়। এর ফলে অনুষ্ঠানটির আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। দেশের পাশাপাশি আমরা মধ্যপ্রাচ্য, ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে দর্শকদের অনেক ফোন পাই। আর তখন দর্শকদের রিমোট হাতে অন্য চ্যানেলে ছোটাছুটির ঝামেলা থাকে না। সবাই মন দিয়ে অনুষ্ঠানটি উপভোগ করতে পারছেন।আজ কে গান করবেন?ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠানটির সময় প্রায় দুই ঘণ্টা। তাই একসঙ্গে অনেকগুলো গান শোনা যাবে। আমি চাকরিতে যোগ দিয়েছি গত বছর নভেম্বরে। তখন থেকেই অনুষ্ঠানটির সঙ্গে আছি।এবার আপনার চাকরির খবর বলুন।খুব ভালো। আমি চ্যানেল আইতে উপব্যবস্থাপক (ক্রিয়েটিভ) পদে কাজ করছি। নিয়মিত অফিস করি।তাহলে অভিনয়ের জন্য সময় পান?যদি সে রকম কিছু থাকে, তাহলে অন্যদের সঙ্গে আলোচনা করে সময় বের করি। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, সিদ্ধান্ত নিয়েছি আমি আর অভিনয় করব না। যে কাজগুলো শুরু করেছিলাম, সেগুলোই শেষ করব। যেমন কয়েকটা নাটকের কাজ অনেকটুকু করে রেখেছি, আবার সুয়াচান পাখি ছবির কাজ করেছি, আর মাত্র তিন দিন করলেই ওটা শেষ হবে। কিছু বিজ্ঞাপনের ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছি, সেগুলোর কাজ করব। তবে এর জন্য খুব বেশি সময় নেব না। আমার ছেলেটা বড় হচ্ছে। এখন ওর দিকে একটু বেশি নজর দিতে চাই।শুধু ছেলের জন্যই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন?আমি কিন্তু অভিনয়-জগতের সঙ্গে ছিলাম না। রেডিওতে কাজ করতাম। উপস্থাপনা করেছি। হঠাৎ শখের বশে টিভি নাটকের সঙ্গে যুক্ত হলাম। এরপর তা নেশা হয়ে গেল। এখন আর নেশাকে প্রশ্রয় দিতে চাচ্ছি না। চাকরি করছি, উপস্থাপনা করছি, সামনে দায়িত্বের পরিধি আরও বাড়বে—এখন এসব নিয়ে থাকতে চাই।