আর কত মৃত্যু হলে বন্ধ হবে সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আর কত মিশুক-তারেকের মৃত্যু হলে বন্ধ হবে সড়ক দুর্ঘটনা।’ সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরের মৃত্যুর প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে মানববন্ধনে এ প্রশ্ন তোলেন নিহতদের স্বজন ও এটিএন নিউজ পরিবার।রাজধানীর বনানী কবরস্থানে মিশুক মুনীরের দাফন শেষে আজ বেলা দুইটা থেকে আড়াইটা পর্যন্ত বিমানবন্দর সড়কে এ মানববন্ধন হয়।মানববন্ধনে সরকারের দৃষ্টি আকর্ষণ করে তাঁরা বলেন, আর কতমিশুক-তারেকের মৃত্যু হলে সড়ক দুর্ঘটনা বন্ধ হবে? মিশুক মুনিরের স্ত্রী মঞ্জুলী কাজী রাজনীতিবিদদের সমালোচনা করে বলেন, ‘আপনারা বলেন যে মানুষের জন্য রাজনীতি করেন। এমন মিথ্যা কথা আর বলবেন না। রাজনীতি আপনাদের ব্যবসা। নিজেদের স্বার্থেই আপনারা রাজনীতি করেন।’ মঞ্জুলী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেতা খালেদা জিয়ার প্রতি আমার প্রশ্ন, এই যে এত দিন ধরে দেশে সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, কী করেছেন আপনারা? আমি ভীষণভাবে ক্ষুব্ধ।’ তিনি আরও বলেন, দেশে বাড়ি রক্ষার জন্য হরতাল হয়, রাজনীতিবিদেরা তাঁদের স্বার্থের জন্য হরতাল করেন কিন্তু সড়ক দুর্ঘটনা বন্ধের জন্য কোনো রাজনীতিবিদ হরতাল করেননি।মানববন্ধনে অংশ নিয়ে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, এভাবে আর কত জীবন দিতে হবে। এবার সরকারকে দায়িত্ব নিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, তারেক ও মিশুকের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়। এটি হত্যাকাণ্ড। প্রতিদিন এভাবে মানুষ মারা যাচ্ছে। যেসব পরিবার স্বজন হারাচ্ছে, তারাই এর কষ্ট জানে। সরকার ও রাজনৈতিক নেতারা কবে সচেতন হবে এ প্রশ্ন তোলেন তিনি। দীর্ঘ ওই মানববন্ধনে বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও দৈনিক পত্রিকার সাংবাদিকসহ সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধন থেকে নিরাপদ সড়কের দাবি জানানো হয়।