তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, দেশে আপাতত আর বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। অনুমোদিত ১২টি চ্যানেল শিগগিরই কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছে। অনুমোদন পাওয়ার এক বছরের মধ্যে এসব চ্যানেল চালু করতে হবে।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আবদুল মান্নানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের অনুমোদন দেওয়া চ্যানেলগুলোর মধ্যে দুটির প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। সরকার সেগুলো মনিটর করছে। ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও তথ্য মন্ত্রণালয় এসব টিভি চ্যানেলের উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তাঁরা বলেছেন, শিগগিরই চ্যানেলগুলো চালু হবে। অনুমোদিত ১২টি চ্যানেল হলো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, ৭১ টেলিভিশন, এটিএন নিউজ, মাছরাঙ্গা কমিউনিকেশন্স লি., সময় টেলিভিশন, মাই টিভি, মোহনা টেলিভিশন, জিটিভি, বিজয় টিভি, চ্যানেল-৯, চ্যানেল টুয়েন্টি ফোর, এস এ চ্যানেল প্রাইভেট লি.। মেহের আফরোজের অন্য এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ভারতে বাংলাদেশি টিভি চ্যানেল প্রদর্শনের বিষয়টি নিয়ে কাজ চলছে। সবচেয়ে বেশি বিজ্ঞাপন ইনকিলাব, দিনকাল আর সংগ্রামে: বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০১-০২ থেকে ২০০৫-০৬ পর্যন্ত পাঁচ বছরে মোট ১২৯ কোটি ৭৫ লাখ টাকার সরকারি বিজ্ঞাপন ও ক্রোড়পত্র বিল পরিশোধ করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি বিজ্ঞাপন পেয়েছে ইনকিলাব সাত কোটি ৮৭ লাখ ৪১ হাজার ৯৪৫ টাকা। একই সময়ে দ্বিতীয় সর্বাধিক বিজ্ঞাপন পেয়েছে দিনকাল (ছয় কোটি ৬৪ লাখ ৫৮ হাজার ৪৫ টাকা) আর তৃতীয় সর্বাধিক বিজ্ঞাপন পেয়েছে সংগ্রাম (পাঁচ কোটি ২৯ লাখ ৯৯ হাজার ৬২ টাকা)। আর ওই সময়ে প্রথম আলো পেয়েছে দুই কোটি ৩১ লাখ ৭৬ হাজার ১৫৪ টাকার বিজ্ঞাপন। ইত্তেফাক পেয়েছে পাঁচ কোটি ৮৭ লাখ ৯১ হাজার, যুগান্তর চার কোটি ২১ লাখ ৯৩ হাজার, মানবজমিন চার কোটি ৬৭ লাখ ৩৪ হাজার, জনকণ্ঠ ৮২ লাখ ৯০ হাজার টাকার বিজ্ঞাপন পেয়েছে। এর মধ্যে জনকণ্ঠের বিজ্ঞাপন বরাদ্দ চার বছর বন্ধ ছিল।জ্বালানি তেলের মূল্য কমছে না: এক প্রশ্নের জবাবে বিদ্যুত্, জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, জ্বালানি তেলের মূল্য কমানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বাড়ার প্রবণতা বিবেচনা করেই এমনটা ভাবছে সরকার। জাতীয় পার্টির সাংসদ মাহজাবীন মোরশেদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধার্থে ডিজেল, কেরোসিন আমদানি করে কম দামে সরবরাহ করায় এ খাতে সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে।