আর কোনো মায়ের বুক যেন খালি না হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যদি লিখতে পারতাম/ আমার যত চিন্তার ঘূর্ণন?.../ কিন্তু না, ঈশ্বরের মানা/ ওরা থাকতে চায় শুধু চিন্তায়/ যেন আমি না থাকলে ওরা কাগজে না আটকায়...’আশিকের নিজের লেখা কবিতা। গত বছর এ সময় লিখেছিলেন। তাঁর বাবা আজ ডায়েরির পাতা ওল্টান। ছেলে কি তাহলে বুঝতে পেরেছিল যে মৃত্যু ঘনিয়ে আসছে? এমন কত প্রশ্ন এখন মা-বাবার মনে। কিন্তু উত্তর কখনোই জানতে পারবেন না। গাজী আশিক মুস্তফা বিজ্ঞাপনী সংস্থা মাত্রার গ্রাফিকস ডিজাইনার। ২৭ জুলাই মাত্রা থেকে কক্সবাজারে যান তিনি। ক্লোজআপ তারকা আবিদ, মুত্তাকিনের সঙ্গে আশিক ছিলেন। ২৯ জুলাই সন্ধ্যার দিকে কক্সবাজার সমুদ্রে নেমেছিলেন তাঁরা। পরে গুপ্ত খালে আটকা পড়েন। সেদিন আশিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে উদ্ধারকর্মীরা আবিদ ও মুত্তাকিনকে নিয়ে হাসপাতালে যান। চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। পরদিন কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে আশিকের মৃতদেহ পাওয়া যায়।আশিকের মা শামিমুন নাহার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কেন যে ছেলেকে যেতে দিয়েছিলাম। ছেলেটার কখনো কোনো চাহিদা, আবদার ছিল না। যেতে চাইল, তাই আর নিষেধ করলাম না। চুপচাপ স্বভাবের। সবার ছোট সন্তান আমার। কোল খালি করে চলে গেল। আমার সঙ্গে বেশ বন্ধুত্ব ছেলের। মাঝেমধ্যে অনেক গল্প করতাম। বড় বোনের বিয়ের পর ওর খুব মামা হওয়ার শখ হলো। সারাক্ষণ বলত, “কবে যে মামা হব।” আমার বড় মেয়ের মেয়ে হয়েছে। ভাগনিকে খুব ভালোবাসত। ওর মৃত্যুর সংবাদ শুনে বড় মেয়েটা সিডনি থেকে রওনা দিয়েছে। ভাগনিকে আর ও আদর করতে পারবে না।’ আশিকের বাবা শিল্পী কে জি মুস্তফা ছেলে হারানোর শোকে পাথর হয়ে গিয়েছেন। ‘খুব ফ্যাশনেবল ছেলে আমার। ওর কাজ-কারবার দেখতাম। মুগ্ধ হয়ে যেতাম ছেলেটিকে দেখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ থেকে অনার্স পাস করল। বলল যে, “কাজ করার পাশাপাশি মাস্টার্স করব।” আমিই ওকে মাত্রায় নিয়ে গিয়েছিলাম। ওর কাজ ওদের পছন্দ হয়। এ বছরের জানুয়ারিতে গ্রাফিকস ডিজাইনার হিসেবে যোগ দেয় মাত্রায়। ছেলেকে হারিয়ে কোনো অনুভূতি কাজ করছে না আমাদের। এত বড় সর্বনাশ হয়ে গেল।’ বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন কে জি মুস্তফা। আশিকের মায়ের একটাই চাওয়া, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। সে জন্য সমুদ্রসৈকতগুলোতে যেখানে মানুষ যায়, সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তাবেষ্টনী থাকে। সার্বক্ষণিক ডুবুরি রাখতে হবে, যাতে কেউ ডুবে গেলেও উদ্ধার করা সম্ভব হয়। এমন ব্যবস্থা থাকলে হয়তো আশিককে হারাতে হতো না। এমনই বিশ্বাস শামিমুন নাহারের।