২০০৯ সালের শেষে স্বাভাবিকভাবেই একটা সালতামামির তাগিদ অনুভব করছেন সবাই। এ বছর এর গুরুত্ব অনেক বেশি করে দেখা দিয়েছে, যেহেতু এ বছরটি বাংলাদেশ অতিবাহিত করেছে একটি নির্বাচিত সরকারের পরিচালনায়। গণতান্ত্রিক দেশের জন্য এটা কোনো খবর হওয়ার কথা নয়, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ধারাবাহিকতায় গণতন্ত্র নিরবচ্ছিন্নভাবে বজায় থেকেছে, তেমনটি ঘটেনি।২০০৮ সালের নির্বাচনে পরিষ্কারভাবে মুক্তিযুদ্ধের চেতনা ও অঙ্গীকারের প্রতি সমর্থন জ্ঞাপন করেছে গোটা জাতি। আমরা মনে করি, আমাদের জন্য নতুন করে এক সম্ভাবনার দ্বার খুলে দেওয়া হয়েছে, যেখান থেকে আমরা সেই পথে এগোতে পারি। কিন্তু সে জন্য প্রয়োজন এই পথের বাধাগুলো চিহ্নিত করে তা দূর করার উদ্যোগ নেওয়া। এ জন্য নানা বিষয় নিয়ে কথা বলতে হয়, আলোচনা করতে হয় এবং আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো খুবই জরুরি হয়ে দাঁড়ায়। আমি নিশ্চিত, এসব বিষয় নিয়ে যাঁরা কাজ করছেন, অবদান রাখছেন, তাঁরা কথা বলবেন। মানবাধিকারকর্মী হিসেবে আমাদের দৃষ্টি স্বভাবতই থাকে আইনের শাসনের ওপর। গণতন্ত্র ও সুশাসনের জন্য আইনের শাসন অপরিহার্য। এখানে কোনো রকম আপস চলে না। আইনের শাসনের ব্যত্যয় ঘটলে সমাজের দুর্বৃত্তায়ন, দুর্নীতি বা অনাচার রোধ করা যায় না, যায় না মানুষের বুদ্ধি ও বোধসম্পন্ন অংশগ্রহণ নিশ্চিত করা। তখনই আত্মসমর্পণ করতে হয় অগণতান্ত্রিক শক্তির কাছে। যেমনটি আমরা অভিজ্ঞতা অর্জন করেছি নানা আইনবহির্ভূতভাবে বা প্রকারান্তরে সংবিধানবহির্ভূত কর্মকাণ্ডের মধ্য দিয়ে। এরও নানা মাত্রা ও রূপ রয়েছে। যার সহজ উদাহরণ হচ্ছে—সংবিধান বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। প্রথম কথা—একটি সভ্য, গণতন্ত্রকামী সমাজে এ ধরনের সংবিধান বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো রকম গ্রহণযোগ্যতা থাকতে পারে না। সে জন্যই মানুষ নানা প্রাতিষ্ঠানিক সংস্কারের মধ্য দিয়ে নিজের অধিকার ও মর্যাদা সুরক্ষিত করতে চায়। রাষ্ট্রের মূল উপযোগিতা সেখানেই।আমাদের হিসাবমতে, এখন পর্যন্ত কমবেশি এক হাজার ৫৭ জন ক্রসফায়ার, এনকাউন্টার, শুটআউট ইত্যাদি নামে র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যের হাতে নিহত হয়েছে। এ ধরনের হত্যাকাণ্ডের কোনো যৌক্তিকতাই মানা যায় না। আমাদের সংবিধানে এর বিরুদ্ধে স্পষ্ট ভাষায় দিকনির্দেশনা দেওয়া আছে। আইন ও সালিশ কেন্দ্র (আসক) মামলা দায়ের করার সময় যে হিসাব পেয়েছে, তাতে দেখা গেছে, ২০০৯ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ৯০ জনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। কর্মজীবী নারী, ব্লাস্ট ও আসকের মামলার পরিপ্রেক্ষিতে আদালত সরকারের প্রতি রুল জারি করে জানতে চান, কেন এসব হত্যাকাণ্ড অবৈধ ঘোষণা করা হবে না এবং যারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, তাদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি আইনে বিচারের পদক্ষেপ নেওয়া হবে না। সরকার যথার্থ সদুত্তর দিতে পারেনি, তবে সময় নিয়েছে।পরবর্তী সময় আদালতের স্বতঃপ্রণোদিত আদেশে আবারও বলা হয়েছে, সরকার যেন খালাসি ভ্রাতৃদ্বয়ের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয় এবং র্যাবের মহাপরিচালককে নির্দেশ দেয় এ ঘটনার সুষ্ঠু ব্যাখ্যা দিতে। কোনো রকম ব্যতিক্রম ছাড়াই সরকার আবারও সময় চাওয়ায় আদালত এই বলে তাদের সতর্ক করে দেন, যেন মধ্যবর্তী সময়ে কোনো রকম হত্যাকাণ্ড না ঘটে। কারণ স্বতঃপ্রণোদিত আদেশ জারি ও আদালতে শুনানির তারিখের মধ্যবর্তী সময়েই আরও ১১টি হত্যাকাণ্ড ঘটে যায়।উল্লেখ্য, সেই সতর্কবাণী উচ্চারিত হওয়ার পর আমাদের জানামতে আর কোনো তথাকথিত ক্রসফায়ার বা এনকাউন্টারের ঘটনা ঘটেনি। এ থেকে এ উপসংহারে পৌঁছানো খুব অযৌক্তিক হয়তো হবে না যে সরকার সতর্ক হলে এবং সদিচ্ছা পোষণ করলে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ করতে পারে দেরি না করেই। যে সরকার সহিংসতার প্রতি শূন্য-সহনশীলতার অঙ্গীকার নিয়ে নির্বাচিত হয়েছে, তার জন্য এটা একটা অবশ্যপালনীয় নৈতিক দায়দায়িত্ব বলে আমরা মনে করি। একই সঙ্গে সরকারি হেফাজতে অন্যান্য মৃত্যু, অত্যাচার, সাংবাদিক হয়রানি—নানা বিষয়ের অবতারণা করা যায়। আমার আজকের লেখার পরিসরে তার সুযোগ নেই। শুধু এ কথা জোর দিয়ে বলতে চাই, ২০১০ সাল থেকে আমাদের নতুন সংস্কৃতির যাত্রা শুরু হোক—যার দিকনির্দেশনা আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় রয়েছে, রয়েছে সংবিধানের মূল ভাবনাসংবলিত ধারাগুলোয়।সরকার মাত্র একটি বছর পার করেছে। সরকারপ্রধান তাঁর এক আলাপচারিতায় এ কথা যথাযর্থই বলেছেন, বীজ রোপণ করেই ফলের আশা করা যায় না। কথাটা সর্বৈব সত্য। কিন্তু আমরা জনগণ, নাগরিকেরা—সেই বীজের অঙ্কুরোদ্গম হচ্ছে, চারাটি ডালপালা মেলে বড় হচ্ছে সরকারের যত্নে, চারাটির বেড়ে ওঠার সহযোগী সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে সময়মতো, প্রতিরোধ করা হচ্ছে এর বিরোধী যত কর্মকাণ্ড—সে সম্পর্কে নিশ্চিত হতে চাই। এ জন্য আমাদের যা করণীয়, আমাদের করতে হবে। তবে মূল দায়িত্ব সরকারেরই। সরকারকে, আমি মনে করি, খুব বেশি দূর যেতে হবে না। দেশে এমন বরেণ্য, সুযোগ্য অর্থনীতিবিদ, আইনজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, ইতিহাসবিদ, প্রযুক্তিবিদ রয়েছেন, যাঁরা কোনো রকম লাভজনক স্বীকৃতির আশা না করে শুধু মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নিজেদের কাজের প্রতিফলন দেখতে চাইবেন। যেকোনো অবস্থায় তাঁরা সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুত বলে আমার দৃঢ়বিশ্বাস। বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণার মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার যে সূচনা হলো, তার ধারাবাহিকতা রক্ষা করতেই হবে। ২০১০ সবার জন্য শান্তি, মঙ্গল, অধিকার ও মর্যাদার বছর হোক—এই কামনা করি।