আর চুল কাটবেন না ভরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার শিক্ষক ভরত চন্দ্রকে আর চুল কাটতে হবে না। এখন শিক্ষকতার সম্মানী হিসেবে পাওয়া অর্থ দিয়েই সংসার চালাবেন তিনি। শিক্ষক হিসেবে দীর্ঘ ১১ বছর বেতন না পেয়ে নাপিতের কাজ করে জীবন ধারণ করছিলেন তিনি। বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার চাইপাড়া গ্রামের শিক্ষিত যুবক ভরত চন্দ্র (৩৪) স্থানীয় চাইপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি বিষয়ে পাঠদান করে আসছেন; কিন্তু বিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়ায় রোজগারের কোনো উপায় করতে না পেরে জীবিকার তাগিদে নাপিতের কাজ করতে হয়েছে তাঁকে। বিদ্যালয়ের ছুটি শেষে তিনি উপজেলার মোহনগঞ্জ, তাহেরপুর, চাইপাড়াসহ বিভিন্ন হাটবাজারে ক্ষুর-কাঁচি নিয়ে নরসুন্দর হিসেবে বসতেন। তাঁকে নিয়ে ২০০৯ সালের ১০ মে প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র আলোকিত উত্তরে একটি সংবাদ ছাপা হয়। ৩১ মে প্রকাশিত এমপিওভুক্তির নতুন তালিকায় ভরত চন্দ্রের বিদ্যালয়ও এতে ঠাঁই পায়। খবরটি জানার পর তিনি আনন্দে ফেটে পড়েন। ১ জুন তিনি এ প্রতিবেদককে বলেন, ‘আমি আর চুল কাটব না। শিক্ষকতা থেকে পাওয়া অর্থেই সংসার চালাব।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান, ভরতের কষ্ট তাঁদের লজ্জিত করত। ভরত তাঁর প্রতিষ্ঠানের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক।