আর জনমে পুলিশ হব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে প্রথমবারের মতো মনে হলো, আমার ‘এইম ইন লাইফ’ আসলে হওয়া উচিত ছিল—পুলিশ। খামোখাই পেশাটা হয়েছে—কলম পেষা। আহা! পুলিশ হলে আমিও হয়তো, ‘অ্যাই সরেন তো, সরেন’ বলে ভিড় ঠেলে দেওয়ার ভান করে এক ফাঁকে ছুঁয়ে দিতে পারতাম মেসিকে!আমরা জনা পঞ্চাশেক, নাকি সংখ্যাটা এক শ, সাংবাদিক দাঁড়িয়ে ছিলাম রূপসী বাংলার লবিতে, আর্জেন্টিনা দলের অপেক্ষায়। আর্জেন্টিনা দল, নাকি মেসির? অন্য সময় হলে খুঁটিয়ে খুঁটিয়ে চারপাশের দৃশ্যের নোট নিতাম। আর এদিন উত্তেজনার চোটে বাসা থেকে অফিস ঘুরে আসার সময়ও নোটবুক নিতে ভুলে গেছি। কলমও নেই। ঢাল-তলোয়ারহীন এই নিধিরাম সাংবাদিকের সঙ্গে পরম আরাধ্যের অ্যাক্রিডিটেশন কার্ডটাও নেই! অ্যাক্রিডিটেশন কার্ড ছাড়া ঢুকতে বিস্তর হ্যাপা হবে জেনেও এসেছি। এবং সেই হ্যাপা সামলে ঠিকই ঢুকে গেছি ভেতরে। ‘তোমার অভিসারে যাব অগম পারে, নিবিড় বেদনাতে পুলক জাগে তাই!’অনেকক্ষণ অপেক্ষার অসহ্য দহনে পুড়িয়ে সাইরেন বাজিয়ে প্রথমে এল নিরাপত্তা কর্মীদের গাড়ি, পিছে পিছেই মেসিদের বয়ে আনা বাস। এই ভিড় আর গুঁতোগুঁতি থেকে বাঁচতে আমার মতো পলকা মানুষ নিজেকে সব সময় নিরাপদ দূরত্বে রাখে। কিন্তু আজ, ‘প্রতিদ্বন্দ্বী এসো যুদ্ধ হবে!’ কাঁধে কাঁধ ঠেকিয়ে দাঁড়ানো দুই পুলিশের ফাঁক দিয়ে মাথা গলে দিয়েছি। একে একে হেঁটে নিজেদের রুমে যাচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। ওই তো পুষ্পবৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছেন আগুয়েরো, মাচেরানো, ডি মারিয়া...মেসি কোথায়? সবার চি ৎ কার-চেঁচামেচি আরও জোরালো হতেই বুঝে গেলাম, আসছেন! শেষ পর্যন্ত মাঠে গিয়ে মেসির খেলা দেখা হয়নি। ৫ কি ১০ সেকেন্ড মেসিকে চর্মচক্ষে দেখার অভিজ্ঞতাটাই বুকের সিন্দুকে তুলে রেখেছি। অবিশ্বাস্য হলেও সত্যি, মেসিকে দেখলাম! যাঁকে শুধু দেখেছি টিভির পর্দায়। বাফুফে যদি আবারও মেসিকে আনার নিশ্চয়তা দেয়, আর বাংলাদেশ পুলিশ বাহিনী যদি নিশ্চয়তা দেয় সে সময় আমাকে মেসিদের নিরাপত্তা কাজে নিয়োজিত করবে—দিব্যি দিয়ে বলছি, সাংবাদিকতা ছেড়ে পুলিশ হয়ে যাব!