আর নয় পেজ থ্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭০ সালের নভেম্বরে যুক্তরাজ্যের বহুল প্রচারিত পত্রিকা ‘দ্য সান’ পাঠকদের সামনে প্রথমবারের মতো হাজির করেছিল বিবসনা নারীদের ছবিসংবলিত তিন নম্বর পাতাটি। এরপর খুব অল্প সময়ের মধ্যেই ‘পেজ থ্রি’ হয়ে ওঠে নারীসংশ্লিষ্ট একটি পাতা। যেখানে বিশেষভাবে চোখে পড়ে নগ্ন-অর্ধনগ্ন নারীদের ছবি। ‘দ্য সান’-এর অনুকরণে এখন অনেক ব্রিটিশ পত্রিকারই অন্যতম প্রধান অনুষঙ্গ হয়ে উঠেছে এই ‘পেজ থ্রি’। তবে পত্রিকা জনপ্রিয় করতে পেজ থ্রি গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও নানাবিধ সমালোচনার মুখেও পড়তে হচ্ছে ব্রিটিশ গণমাধ্যম, বিশেষ করে ট্যাবলয়েড পত্রিকাগুলোকে। গণমাধ্যমে শুধুই নারীদের শরীরসর্বস্বতা প্রদর্শনের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির নারীবাদী সংগঠনের কর্মীরা। গত সপ্তাহে পেজ থ্রির ৪২তম জন্মবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে নারীর শরীর প্রদর্শনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।এক সপ্তাহ আগে, পূর্ব লন্ডনে নিউজ ইন্টারন্যাশনালের সামনে জড়ো হয়েছিলেন নারীবাদী কর্মী-সংগঠকেরা। ‘দ্য সান’-এর তিন নম্বর পাতার (পেজ থ্রি) ৪২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁরা নিয়ে এসেছিলেন ছয় ফুট লম্বা একটি জন্মদিনের কার্ড; যার একপাশে ছিল বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়া নগ্ন-অর্ধনগ্ন নারীদের ছবি। আরেক পাশে ছিল পুরুষদের ছবি। গণমাধ্যমে নারী ও পুরুষেরা কীভাবে চিত্রায়িত হচ্ছেন, সেই পার্থক্যটা বোঝানোর জন্যই এ কার্ডটি প্রস্তুত করেছিলেন নারীবাদী কর্মীরা। তাঁদের এই দীর্ঘ কার্ডটিতে দেখা যায়, পুরুষেরা গণমাধ্যমের পাতায় উঠে আসছেন সক্রিয়, শ্রদ্ধেয় পেশাজীবী হিসেবে; যাঁরা সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অন্যদিকে নারীদের ক্ষেত্রে প্রধান হিসেবে বিবেচিত হচ্ছে তাঁর শরীর। এই দৃষ্টিভঙ্গির সমালোচনা করে নারীবাদী সংগঠকেরা বলছেন, ‘নারীরা শুধুই শরীরসর্বস্ব নয়। তাঁরা গণমাধ্যমের কাছ থেকে আরও বেশি সম্মান আশা করেন।’ ‘আর নয় পেজ থ্রি’ স্লোগান নিয়ে একটি স্বাক্ষর সংগ্রহ অভিযানও পরিচালনা করেন এই নারীবাদী কর্মী-সংগঠকেরা। গত তিন মাসে তাঁরা সংগ্রহ করেছেন প্রায় ৬০ হাজার স্বাক্ষর। ‘গার্ডিয়ান’-এর খবরে বলা হয়, গণমাধ্যমে নারীর শরীরী উপস্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ এবারই প্রথম নয়। গত কয়েক বছরে এ ধরনের বেশ কিছু প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন যুক্তরাজ্যের নারীবাদী কর্মীরা। নারীদের শুধুই দর্শনীয় ও উপভোগ্য একটা শরীরসর্বস্ব বিষয় হিসেবে উপস্থাপন করাটা নারীদের অপমান করার শামিল বলে মনে করেন অনেকেই। নারীদের শুধুই গ্ল্যামারের জন্য পত্রিকায় ব্যবহার করা হয়েছে—এমন বহু উদাহরণ এক জায়গায় করেছেন ইংল্যান্ডের নারীবাদী কর্মী জুলিয়া হিলার্ড। গত দুই সপ্তাহেই ব্রিটেনের ১১টি জাতীয় পত্রিকা থেকে তিনি পেয়েছেন এমন এক হাজার ৩০০টি উদাহরণ। তিনি বলেছেন, ‘এগুলো দেখলে নিজেকে ক্রমাগত অপমানিত মনে হতে থাকে। মনে হয় যেন প্রতিনিয়তই আমার মর্যাদাহানি হচ্ছে।’গণমাধ্যমে নারীর এ ধরনের প্রদর্শনী একটি জাতির মনোগঠনেও বিরূপ প্রভাব ফেলছে বলে মনে করেন পেজ থ্রিবিরোধী সংগঠকেরা। গণমাধ্যমে এমন চিত্রায়ণের কারণেই সমাজে নারীদের প্রতি বৈষম্য বা নিপীড়ন অব্যাহত থাকতে পারছে বলে মন্তব্য করেছেন তাঁরা। ৪২ বছর আগে যে সমাজে পেজ থ্রির পথচলা শুরু হয়েছিল, এখন সেটা অনেক বদলে গেছে। ফলে গণমাধ্যমেরও সেদিকটি বিবেচনা করে নিজেদের নীতি পরিবর্তন করা উচিত বলে মনে করেন ভন হেসউইক। তিনি বলেছেন, ‘১৯৭০ সালে যখন পেজ থ্রির যাত্রা শুরু হয়েছিল, তখন নারী-পুরুষের সমতা বা শারীরিক-যৌন নিপীড়ন আইনের অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু এখন ২০১২ সাল। এখনো কি সময় হয়নি গণমাধ্যম থেকে নারীর শরীরসর্বস্বতা ও যৌনবৈষম্য মুছে ফেলার?’