আর নয় ভিক্ষাবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর দুই আগেও ঢাকার পথে পথে ভিক্ষা করতেন বগুড়ার শেরপুর উপজেলার রোকেয়া বেগম। কাগজের ঠোঙা তৈরি করে এখন তাঁর থাকা-খাওয়ার ভাবনা দূর হয়েছে। তাঁর মেয়েটা স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে।রোকেয়ার মতো আরও অনেক নারীই অন্যের কাছে হাত পাতার লজ্জা থেকে রেহাই পেয়েছেন। ভিক্ষাবৃত্তিকে বিদায় জানিয়ে তাঁরা এখন সম্মানজনক শ্রমে নিযুক্ত। দুস্থ নারীদের জীবনে এই পরিবর্তনের নেপথ্যে রয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের আদাবাড়িয়া কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী আলতাফ হোসেন এবং ঢাকা নিউ মডেল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ফজলুল হক।শুরুর কথা: ফজলুল হকের বাড়ি মেহেরপুরে। সেখানকার দুই নারী কাজের খোঁজে দুই বছর আগে ঢাকায় এসেছিলেন। তাঁদের একজনকে নিজ বাসায় কাজের সুযোগ করে দেন তিনি। কিন্তু আরেকজনকে এমনি এমনি ফিরিয়ে না দিয়ে তাঁর হাতে কিছু কাগজ দেন এবং সেগুলো দিয়ে ঠোঙা বানাতে বললেন। বানানোর কৌশল তিনিই শিখিয়ে দেন। সেই নারী প্রথম দিনেই সাড়ে চার কেজি ঠোঙা তৈরি করে ফেলেন। ফজলুল হক সেই ঠোঙা কারওয়ান বাজারে নিয়ে বিক্রি করেন প্রতি কেজি ৪০ টাকা দরে। বাসায় ফেরার পথে সেদিন তাঁর মাথায় নতুন একটি ভাবনা আসে: রাস্তার নারী ভিক্ষুকদেরও তো এ রকম ঠোঙা তৈরির কাজে লাগানো যেতে পারে। এভাবেই দুস্থ নারীদের ঠোঙা তৈরির কার্যক্রমে যুক্ত করার প্রয়াস শুরু হয় ২০১০ সালের ডিসেম্বরে। ফজলুল হকের পক্ষে এই ঠোঙা তৈরির কার্যক্রম পরিচালনার দায়িত্ব একা সামলানো কঠিন হয়ে পড়ে। একপর্যায়ে তাঁর মনে পড়ে ‘আলতাফ স্যারে’র কথা। ১৯৮৯ সালে মেহেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র থাকাকালে ফজলুল হক এক বন্ধু মারফত জানতে পারেন, কাজী আলতাফ হোসেন নামের এক ব্যক্তির কথা; যিনি সম্মানী ছাড়াই ছাত্রদের ব্যবস্থাপনা পড়ান। আলতাফ হোসেনের কাছে গিয়ে অন্যদের সঙ্গে ফজলুল হকও পড়তে শুরু করেন। আলতাফ হোসেন পড়ানোর বিনিময়ে কখনো সম্মানী নেননি ফজলুল হকের কাছ থেকে। তাই তাঁর মনে গেঁথে থাকে স্যারের কথা। ফজলুল হক জানতে পারেন, আলতাফ স্যার অবসর নিয়ে ঢাকায় বাস করছেন। তাঁর মুঠোফোন নম্বর জোগাড় করে সংকল্পের কথা জানিয়ে পরামর্শ চাইলেন ফজলুল হক। অবসরে যাওয়ার পর তিনিও সেবামূলক কোনো কাজে যুক্ত হওয়ার সুযোগ খুঁজছিলেন। ছাত্রের প্রস্তাবে তাঁর উদ্যম বেড়ে গেল।দুই শিক্ষক মিলে ভিক্ষুকদের স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিতে লাগলেন। তাঁরা আজিমপুর কবরস্থান ও রাজারবাগ পুলিশ লাইন এলাকার মাত্র নয়জন ভিক্ষুককে বোঝাতে সমর্থ হলেন। এরপর বাসা ভাড়া নিয়ে সেখানে ভিক্ষুকদের কাগজ কিনে মোড়ক বানানোর প্রশিক্ষণ কার্যক্রম শুরু হলো। এতে ভিক্ষুকদের উপস্থিতি বাড়তে লাগল। আলতাফ হোসেন বলেন, শুরুতে তাঁরা নিজেদের পকেট থেকে অনেক টাকা খরচ করেছেন। এখন আর করা লাগে না। বর্তমানে প্রতি মাসে গড়ে তিন লাখ টাকার কাগজের ঠোঙা বিক্রি হচ্ছে। এ পর্যন্ত বেশ কয়েকজন নারীকে ছোটখাটো দোকান বা ব্যবসায় যুক্ত করা হয়েছে। সরেজমিন: গুলশানের শাহজাদপুর এলাকার দুটি আলাদা বাসায় কাগজের মোড়ক তৈরিতে অংশ নিচ্ছেন মোট ৪৯ জন। সেখানেই তাঁদের থাকা, খাওয়া, চিকিৎসা ও পোশাক-পরিচ্ছদের ব্যবস্থা। এসব দুস্থ মানুষের জন্য পুরোনো পোশাক চেয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে একটি করে বাক্স রাখা হয়েছে। এতে অনেকেই সাড়া দিচ্ছেন।প্রতিদিন গড়ে ছয় কেজি করে ঠোঙা তৈরি করতে পারেন একেকজন কর্মী। বাজারে সেই ঠোঙা বিক্রি হয় ৫০ টাকা দরে। শ্রমিকদের প্রত্যেকের নামে ১০ টাকা করে প্রতিদিন জমানো হচ্ছে। বেশি টাকা জমা হওয়ার পর কেউ কেউ দেশের বাড়িতে স্বজনদের কাছে পাঠিয়ে দিতে পারেন। শ্রমিকদের সন্তানেরাও এখানে পড়ার সুযোগ পাচ্ছে। এ পর্যন্ত এখান থেকে বেশ কয়েকজনকে ছোটখাটো ব্যবসায় নিযুক্ত করে দেওয়া হয়েছে।পুনর্বাসনকেন্দ্রে সাবেক ভিক্ষুকদের দেখভাল করতে অনেকে স্বেচ্ছায় এগিয়ে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র আল শাহরিয়ার বলেন, ‘ভালো একটি উদ্যোগ জেনেই এই কার্যক্রমে যুক্ত হয়েছি।’জামালপুরের মমতা বেগম বলেন, ‘আগে এমন একটা কাজ করতাম যে এখন কইতে লজ্জা লাগে। এখানে অনেক ভালা আছি। পোলাপানও পড়তেচে। আমারও কিছু কামাই-রোজগার হয়।’শিশু বিদ্যালয়ে একদিন: পরনে মলিন পোশাক, তবু চোখে-মুখে হাসির ঝিলিক। একসঙ্গে গলা মিলিয়ে পড়ছে তারা।মহাখালীর কড়াইলের বেলতলা বস্তির পুরোটাই রিকশার গ্যারেজ। আশপাশে সরকারি প্রাথমিক স্কুল নেই। ফজলুল হক সম্প্রতি ঠোঙা বিক্রির মুনাফা দিয়ে সেখানে একটি জায়গা ইজারা নিয়ে পথশিশু ও বস্তিবাসী শিশুদের দুটি কক্ষে পাঠদানের ব্যবস্থা করেছেন। সেখানে প্রায় ১৫০টি শিশুকে পড়াচ্ছেন চার শিক্ষক। ক্লাস হয় সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত। শিশু বিদ্যালয়ে কথা হয় শেফালি বেগমের সঙ্গে। তাঁর দেশের বাড়ি জামালপুরে। স্বামী জয়নাল আবেদীন রিকশা চালান। তিনি বলেন, তাঁর ছেলে শিপন প্রতিদিন বিদ্যালয়ের ক্লাসে যায়। এখানে পড়তে খরচ নেই। তিনিও এখানে কাগজের ঠোঙা বানিয়ে আয় করেন।শিক্ষার্থী রিয়াজ, শাকিল, জসীম, সজীব, ইভা ও রুবাইয়েত জানায়, ছুটির পর প্রতিদিন তাদের বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়। আর শিক্ষকেরাও খুব আদর করে পড়ান।আগামীর ভাবনা: মোড়ক তৈরি ও পথশিশুদের শিক্ষা কার্যক্রম আরও অনেক দূর এগিয়ে নিতে চান আলতাফ হোসেন ও ফজলুল হক। তাঁদের স্বপ্ন, এই কার্যক্রম একদিন সারা দেশের প্রতিটি শহরে ছড়িয়ে পড়বে। আর কেউ ভিক্ষা করবে না। দেশ হবে ভিক্ষুকমুক্ত।আলতাফ হোসেন ও ফজলুল হক প্রথম আলোর মাধ্যমে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি একটি আবেদন জানিয়েছেন। প্রতিটি প্রতিষ্ঠান যদি তাঁদের কাছে ন্যায্যমূল্যে প্রাতিষ্ঠানিক কাগজপত্র বিক্রি করে, তাহলে ভিক্ষুক পুনর্বাসন ও শিশুশিক্ষা কার্যক্রমের উপকার হবে। কারণ, দোকান থেকে কাগজ কিনতে অনেক বেশি টাকা লাগে। এ ছাড়া অসাধু ব্যবসায়ীরা ওজনে কম দিয়ে অথবা বাজে কাগজ দিয়ে নানাভাবে ঠকায়। দুই শিক্ষক তাঁদের মহৎ উদ্যোগে কারও কাছে আর্থিক সাহায্য চান না। চান ন্যায্যমূল্যে কাগজ কেনার কাজে একটু সহযোগিতা।