ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। ৯ ডিসেম্বর ওই পরীক্ষা হওয়ার কথা ছিল। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ কয়েক দফা নির্দেশনা দিয়ে আদেশ দেন। এ ছাড়া বাণিজ্য অনুষদের ডিন জামাল উদ্দিন আহমেদকে তাঁর পদ থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠনে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিকে যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ফল জমা দিতে বলা হয়েছে। ‘গ’ ইউনিটের পুনর্মূল্যায়িত ফলাফল বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ১২ শিক্ষার্থী হাইকোর্টে রিট আবেদনটি করেন গত ২২ নভেম্বর। শুনানি শেষে ৩০ নভেম্বর আদালত বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেন। গতকাল সকালে আদালত আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে কি না তা জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, হাইকোর্টের লিখিত আদেশ পাওয়ার পর আইনজীবী, ডিনস কমিটি ও সিন্ডিকেট সভায় আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ডিনকে অপসারণের বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, হাইকোর্টের আদেশ ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আদালতের নির্দেশনায় ভর্তি কমিটির আগের সদস্য বাদ দিয়ে ভর্তি-প্রক্রিয়ার জন্য নতুন কমিটি গঠন করতে বলা হয়। উত্তরপত্র মূল্যায়ন কমিটির ফলাফল দেওয়ার পর ওই কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে ‘গ’ ইউনিটের ভর্তি নিয়ে সৃষ্ট অব্যবস্থাপনা তদন্তে কমিটি গঠন করে ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নিতেও বলা হয়। ভবিষ্যতে ভর্তি পরীক্ষার প্রশ্ন নির্বাচনে গাইড বই থেকে প্রশ্ন নির্বাচন না করতে এবং বাইরের কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা না নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।এর আগে গত ৩১ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। উত্তরপত্রে ভুল থাকার পরিপ্রেক্ষিতে আরেক দফা ফল প্রকাশ ও বাতিল এবং সবশেষে ৯ ডিসেম্বর আবার ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। আর পুনর্মূল্যায়িত ফলাফল বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে পরীক্ষায় উত্তীর্ণ ১২ শিক্ষার্থী রিট আবেদনটি করেন। গতকালের আদেশে ৯ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষাসহ এ সংক্রান্ত আগের সব সিদ্ধান্ত বাতিল ঘোষণা করা হয়। আদেশে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের গর্বের স্থান। এই বিশ্ববিদ্যলয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো। এর মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। এই মর্যাদা রক্ষার জন্য কর্তৃপক্ষকে সব সময় ভর্তি পরীক্ষা ও প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে হবে।’আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী এ এফ এম মেসবাহ উদ্দিন ও রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। এ ছাড়া আদালতের আহ্বানে সাড়া দিয়ে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন মতামত দেন। শুনানিকালে আবার পরীক্ষা না নেওয়ার পক্ষে মত দেন অধ্যাপক জাফর ইকবাল। একই মত দেন অধ্যাপক আনোয়ার হোসেন। তবে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অক্ষুণ্ন ও স্বচ্ছতা বজায় রাখতে পুনরায় পরীক্ষা নেওয়ার পক্ষে মত দেন রাষ্ট্রপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের কৌঁসুলি।রিট আবেদনকারীদের আইনজীবী জানান, বর্তমানে পরীক্ষা কমিটির কাছে থাকা শিক্ষার্থীদের উত্তরপত্র (ওএমআর) শিটগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দ্রত হস্তান্তর করতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর উত্তরপত্র মূল্যায়ন করবে অধ্যাপক জাফর ইকবালের নেতৃত্বাধীন কমিটি। এই কমিটি মূল্যায়পত্র জমা দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। পরে ভর্তি-প্রক্রিয়ার জন্য গঠিত কমিটি ফল ঘোষণা করে ভর্তি-প্রক্রিয়া শুরু করবে।