গৌরীপুর-কচুয়া হাজীগঞ্জ রামগঞ্জ লক্ষ্মীপুর সড়ক ১৩ বছর ঝুলে আছে
আর পৌনে চার কিলোমিটার হলেই দুই ঘণ্টায় ঢাকা
মাত্র পৌনে চার কিলোমিটার সড়ক নির্মাণ না হওয়ায় ৯০ কিলোমিটার সড়ক ব্যবহার করা যাচ্ছে না। সড়কটির এই অংশ নির্মিত হলে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে কচুয়া-গৌরীপুর হয়ে ঢাকার দূরত্ব ৫০ কিলোমিটার কমে মাত্র ১০০ কিলোমিটার হবে। তখন মাত্র দুই ঘণ্টায় হাজীগঞ্জ থেকে ঢাকায় পৌঁছানো যাবে। এখন ঢাকা থেকে কুমিল্লা হয়ে হাজীগঞ্জের দূরত্ব ১৫০ কিলোমিটার। নতুন সড়কটি চালু হলে নোয়াখালী ও লক্ষ্মীপুরের সঙ্গেও ঢাকার দূরত্ব কমে যাবে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, হাজীগঞ্জের কাঁঠালি থেকে কচুয়ার কালচো পর্যন্ত পৌনে চার কিলোমিটার সড়ক এক যুগেরও বেশি সময় ধরে নির্মাণের অপেক্ষায় পড়ে আছে। ফলে চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালীর মানুষ এই সড়কটি ব্যবহার করতে পারছে না। জানা গেছে, চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালীর সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ আরও সহজ এবং দূরত্ব কমিয়ে আনতে ১৯৯৭ সালে গৌরীপুর-কচুয়া-হাজীগঞ্জ-রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের নির্মাণকাজ শুরু করেছিল যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। বিভিন্ন সময় ভেঙে ভেঙে রাস্তাটির ৮৬ কিলোমিটার সম্পন্ন হলেও হাজীগঞ্জ ও কচুয়ার মধ্যে পৌনে চার কিলোমিটার সড়কে মাটির কাজই করা হয়নি। সওজ সূত্র জানায়, সময়মতো অর্থ বরাদ্দ না পাওয়া এবং দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সড়কটির নির্মাণকাজ বাধাগ্রস্ত হয়েছে। ১৯৯৭ সালে শুরু হওয়া কচুয়া-গৌরীপুর অংশের ৩২ কিলোমিটার এবং হাজীগঞ্জ-রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের ৪৬ কিলোমিটারের নির্মাণকাজ শেষ হয় ২০০৪ সালে। কিন্তু হাজীগঞ্জ-কচুয়া অংশের ১২ কিলোমিটার সড়কের কাজ অসম্পূর্ণ থেকে যায়। তা নির্মাণে ২০০৪-০৫ অর্থবছরে নয় কোটি ২৮ লাখ টাকা বরাদ্দ দেয় যোগাযোগ মন্ত্রণালয়। ২০০৮-০৯ অর্থবছরে এ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বাজেটস্বল্পতার কথা বলে এ সড়কের হাজীগঞ্জের কাঁঠালি থেকে কচুয়ার পূর্ব কালচো পর্যন্ত পৌনে চার কিলোমিটার মাটি ভরাটসহ পাকাকরণ কাজ অসম্পূর্ণ রয়ে যায়। এই চার কিলোমিটারের এক কিলোমিটার সড়কের জন্য জমি অধিগ্রহণও করা হয়নি। জানা গেছে, কাঁঠালি থেকে পূর্ব কালচো পর্যন্ত সড়কের মাটি ভরাটের কাজ পায় মেসার্স কাশেম কনস্ট্রাকশন ফার্ম নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের কর্ণধার আনোয়ারুল হক হেলাল প্রথম আলোর কাছে দাবি করেন, এক কোটি ৩০ লাখ টাকার মাটি ভরাটের কাজ করে তিনি বিল পেয়েছেন মাত্র ১৮ লাখ টাকা। তিনি অভিযোগ করেন, সওজ এক কিলোমিটার জমি অধিগ্রহণ না করেই মাটি ভরাটের দরপত্র দিয়েছে। পরে তাঁরা নিজের পকেট থেকে জমির মালিকদের কিছু টাকা দিয়ে সড়কে মাটি ফেলেছেন। সওজ হাজীগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. রুহুল আমিন জানান, পৌনে চার কিলোমিটার অসম্পূর্ণ সড়কের নির্মাণকাজ এবং কচুয়া থেকে বায়েকের মোড় পর্যন্ত ১৪ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ চেয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। সওজের চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী এনামুল হক বলেন, সড়কটির অসমাপ্ত অংশ নির্মাণের প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (প্ল্যানিং) মোস্তাক হোসেন প্রথম আলোকে বলেন, পরিকল্পনা কমিশনের একটি দল সম্প্রতি রাস্তাটি পরিদর্শন করে এসেছেন। তাঁরা অনুমোদন দিলে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তোলা হবে। সড়কটি সওজের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে জানান তিনি। চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ঢাকা-রামগঞ্জ পথের আল-আরাফাহ পরিবহনের চালক আবদুল কাদের পাটওয়ারী বলেন, এই সড়কের নির্মাণকাজ শেষ হলে এবং কচুয়া থেকে গৌরীপুর পর্যন্ত সড়কটি সংস্কার করা হলে মাত্র দুই ঘণ্টায় হাজীগঞ্জ থেকে ঢাকায় যাওয়া যাবে। এতে যাত্রীদের সময় ও অর্থ উভয়ই বাঁচবে। এখন তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সময় লাগে।এই সড়কটির বেশির ভাগ অংশ নির্মিত হয়েছে হাজীগঞ্জের হাটিলা (পশ্চিম) ইউনিয়নের ওপর দিয়ে। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, সড়কটি শেষ না হওয়ায় হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার জনগণকে বেশি ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।