আর মায়ের কোলে ফেরা হবে না মোস্তাফিজের
রাজধানীর ধানমন্ডিতে একটি পিকআপের চাপায় গতকাল শুক্রবার মোস্তাফিজুর রহমান (২৫) নামের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র প্রাণ হারিয়েছেন।মোস্তাফিজ ধানমন্ডির ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মেকাট্রনিকস বিভাগের প্রথম বর্ষে পড়তেন।বিশ্ববিদ্যালয়ের কাছেই ল্যাবএইড হাসপাতালের সামনে গাড়িচাপা পড়েন মোস্তাফিজ। তাঁর মৃত্যুর পর সহপাঠীরা বিকেল চারটা থেকে এক ঘণ্টা ল্যাব এইড হাসপাতালের সামনে মিরপুর সড়ক অবরোধ করে রাখেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল ১০টার দিকে পানিবাহী একটি পিকআপ মোস্তাফিজুরকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল সাড়ে তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।মোস্তাফিজুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির দুই শতাধিক ক্ষুব্ধ শিক্ষার্থী ল্যাব এইডের সামনের সড়কে গতিরোধক বসানো ও উড়াল সেতু স্থাপনের দাবিতে রাস্তায় বিক্ষোভ করেন। তাঁরা পিকআপ গাড়িটির চালককে গ্রেপ্তারের দাবি জানান। এ সময় মিরপুর সড়ক ও আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।ধানমন্ডি থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ শিকদার প্রথম আলোকে বলেন, ধানমন্ডি থানার পুলিশ স্থানীয় সাংসদের মাধ্যমে দুই দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়। পিকআপের চালককে গ্রেপ্তারেরও আশ্বাস দেওয়া হয়। এরপর শিক্ষার্থীরা রাস্তা ছাড়েন।ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী মাসুম বিল্লাহ প্রথম আলোকে বলেন, এই পথে চলতে গিয়ে আর কারও যেন এমন মৃত্যু না হয়, সে জন্যই তাঁরা দুই দফা দাবি পেশ করেন। পুলিশের দেওয়া আশ্বাসের দ্রুত বাস্তবায়ন চান তাঁরা।সহপাঠীরা জানান, ঈদের ছুটির পর মোস্তাফিজুর নীলফামারী থেকে গতকাল সকালেই ঢাকায় ফেরেন। ধানমন্ডি ৩/এ সড়কের ভবনে ক্লাস করে মেহের প্লাজায় ব্যবহারিক ক্লাস নিতে রাস্তা পার হচ্ছিলেন তিনি। মোস্তাফিজুর ধানমন্ডির একটি মেসে ভাড়া থাকতেন।গতকাল সন্ধ্যার পর মোস্তাফিজুরের লাশ নিয়ে স্বজন ও সহপাঠীরা তাঁর গ্রামের বাড়িতে রওনা দেন।আরেকটি সড়ক দুর্ঘটনা: গতকাল সকাল সাড়ে আটটার দিকে তুরাগ থানার আবদুল্লাহপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে স্বপন কুমার শীল (৩৫) নামের এক বাসযাত্রী ঘটনাস্থলে মারা যান। আহত হন আরও চারজন। ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মো. আনসারউদ্দিন পাঠান জানান, উভয় চালক পালিয়ে গেছে। বাস দুটিকে পুলিশ আটক করেছে।নিহত স্বপন কুমার নির্মাণশ্রমিক ছিলেন।