আর সাড়ে ৮ বছর নেতৃত্বে থাকতে চান এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, তিনি আরও সাড়ে আট বছর দলের নেতৃত্বে থাকতে চান। এরপর তিনি দলের অভিভাবক হিসেবে থাকবেন।আজ শুক্রবার ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে জাতীয় পার্টির চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা শাখা আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাকে নিয়ে নানা খবর বের হয়। যেটা বলি সেটাও বের হয়, যেটা বলি না সেটাও বের হয়। ওই দিন জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতারা আমার কাছে এসেছিলেন। সেখানে আমি বলেছিলাম, এটাই আমার শেষ নির্বাচন। পরে ওই কথা নিয়ে অনেক টেলিভিশন, পত্রিকায় সংবাদ প্রচার হয়েছে।’ এ কথা বলে এরশাদ তাঁর ওই কথার ব্যাখ্যা দেন।এরশাদ বলেন, ‘আগামী নির্বাচনের এখনো সাড়ে তিন বছর বাকি। সেটাতে জয়ী হলে আরও পাঁচ বছর সংসদ সদস্য বা ক্ষমতায় থাকব। তার মানে এখনো আরও সাড়ে আট বছর আছে। সাড়ে আট বছর পর আমি জাতীয় পার্টির অভিভাবক হিসেবে থাকতে চাই।’দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘আপনারা জাতীয় পার্টিকে শক্তিশালী করুন। তাহলে আমি মানুষের মধ্যে বেঁচে থাকব। মৃত্যুর পরও বেঁচে থাকব।’আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেম। অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য দেলোয়ার হোসেন খান, গোলাম হাবিব, উপদেষ্টামণ্ডলীর সদস্য বাদল খন্দকার, ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ, শেরিফা কাদের, যুগ্ম মহাসচিব মো. আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।