আরএসএসের আরেক রূপ
ভারতের উগ্র হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শীর্ষস্থানীয় নেতা আরপি সিং তাঁদের সংগঠনের অপর নেতা ইনদ্রেশ কুমারকে হত্যা করতে চেয়েছিলেন। ভারতীয় তদন্ত সংস্থার একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত এ কথা জানিয়েছে। ভারতের প্রধান বিরোধী দল বিজেপি এই আরএসএসের রাজনৈতিক মুখপত্র।উল্লেখ্য, ভারতের স্বাধীনতার পরপরই (১৯৪৮ সালে ৩০ জানুয়ারি) আরএসএসের এক কর্মী (নাথুরাম গডসে) মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করে। ভারতের গোয়েন্দা কর্মকর্তারা মালেগাঁও, মক্কা মসজিদ, আজমির শরিফ ও সমঝোতা এক্সপ্রেসে বোমা হামলার জন্য আরএসএসের নেতা ইনদ্রেশ কুমারকে দায়ী করছেন। ওই সব হামলার ঘটনায় তিনি মূল ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে ইনদ্রেশকে তাঁর দলের একটি অংশ সরিয়ে দিতে চেয়েছিল। বর্তমানে তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ মামলা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ওই হামলার সঙ্গে সংশ্লিষ্ট থাকার দায়ে গ্রেপ্তার সেনা কর্মকর্তা লে. কর্নেল শ্রীকান্ত পুরোহিত তদন্তকারীদের বলেছেন, আরএসএসের মধ্যে তীব্র মতপার্থক্য রয়েছে। যেহেতু ইনন্দ্রেশ কুমার ওই হামলার পেছনে মুখ্য ভূমিকা পালন করেছেন, তাই তিনি তাঁর সংগঠনের অনেকের কাছেই অপছন্দের পাত্র হয়ে উঠেছিলেন।ওই সূত্রটি জানিয়েছে, পুরোহিত তদন্তকারীদের জানিয়েছেন, দিল্লিভিত্তিক আরএসএসের শীর্ষ নেতা আরপি সিং তাঁকে বলেছেন, ইনদ্রেশ কুমার ও সুবেদার সিং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইর চর। তদন্তকারীদের পুরোহিত জানিয়েছেন, ইনদ্রেশ কুমারকে হত্যার জন্য আরপি সিং তাঁকে একটি পিস্তল সংগ্রহ করতে বলেছিলেন। তিনি (পুরোহিত) পিস্তল সংগ্রহে করতে রাকেশ দাভাদে নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগও করেছিলেন। রাকেশ মহারাষ্ট্রের পুনেতে একটি অস্ত্র ও গোলাবারুদের জাদুঘর পরিচালনা করেন। স্থানীয়ভাবে তৈরি করা একটি নাইন এমএম পিস্তল ও এক ডজন গুলি দেওয়ার বিনিময়ে রাকেশ দাভাদকে ৫০ হাজার রুপি দেওয়া হয়েছিল।পুরোহিত ওই পিস্তলটি ভূপালে অলক নামের এক ব্যক্তির কাছে হস্তান্তর করেন। রাজস্থানের গোয়েন্দারা আজমিরে বোমা হামলার মামলায় ইনদ্রেশ কুমারকে জিজ্ঞাসাবাদ করছেন। এদিকে সমঝোতা এক্সপ্রেসে হামলার ঘটনায় আটক স্বামী অসীমানন্দ তদন্তকারীদের কাছে স্বীকার করেছেন, আরএসএস সদস্য সুনীল যোশীকে ইনদ্রেশ কুমারের নির্দেশেই হত্যা করা হয়। এর আগে উইকিলিকসে ফাঁস করা এক তথ্যে বলা হয়েছিল, কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধী মনে করেন, মুসলিম জঙ্গিদের চেয়ে হিন্দু উগ্রবাদীরাই ভারতের জন্য চিন্তার বড় কারণ। তখন রাহুলের এই মন্তব্য নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছিল। তবে আরএসএসের অন্তর্কোন্দল ও খুনোখুনি নিয়ে টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এই নতুন তথ্য রাহুলের উক্তির যথার্থতাকেই প্রমাণ করে বলে মনে করেন বিশ্লেষকেরা।