দেশের অন্যতন প্রধান প্রত্নস্থল কুমিল্লার ময়নামতি-লালমাই এলাকা। এখানে ২৩টি প্রত্নতাত্ত্বিক পুরাকীর্তি চিহ্নিত হয়েছে। এর মধ্যে শালবন বিহার ছাড়া বাকি ২২টি পুরাকীর্তিই রয়েছে অযত্ন-অবহেলায়। কিন্তু এই পুরাকীর্তিগুলোর ব্যাপারে পর্যটকদের রয়েছে বিপুল আগ্রহ। এই আগ্রহের কথা চিন্তা করে পুরাকীর্তিগুলো আরও আকর্ষণীয় করার উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। একই সঙ্গে সংস্কারকাজও পর্যায়ক্রমে শুরু করার চিন্তা চলছে।গত বছরের মাঝামাঝি থেকে শুরু হয়ে এরই মধ্যে কিছু কাজ শেষ হয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোতে ফুলের বাগান, ছোট ছোট রাস্তা তৈরি করা হয়েছে। রয়েছে আরও কিছু সুযোগ-সুবিধা। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আবিষ্কারের ইতিহাসও পর্যটকদের জানানোর ব্যবস্থা করা হচ্ছে।প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তৎকালীন পাকিস্তান সরকারের প্রত্নতত্ত্ব ও জাদুঘর বিভাগ ময়নামতি ও লালমাই পাহাড় এলাকায় ব্যাপক অনুসন্ধান চালায়। তখন ময়নামতি-লালমাই পাহাড়ের প্রত্নস্থলে ৫০টির অধিক ‘সাংস্কৃতিক ঢিবি’ চিহ্নিত করা হয়। পরে আশির দশকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পৃথকভাবে আরেক দফা অনুসন্ধান পরিচালনা করে। এই ৫০টির মধ্য থেকে ২৩টিকে প্রত্নতাত্ত্বিক পুরাকীর্তি হিসেবে চিহ্নিত করা হয়।এই পুরাকীর্তিগুলো সব সময় দর্শনার্থীদের কাছে প্রিয়। এগুলোর মধ্যে কয়েকটি হলো শালবন বিহার, কুটিলা মুড়া, চারপত্র মুড়া, আনন্দ মুড়া, রূপবান মুড়া, ইটাখোলা মুড়া, ময়নামতি মাউন্ড, রানীর বাংলো ঢিবি, ভোজবিহার, রূপবান কন্যার বাড়ি, কোটবাড়ি মুড়া ও হাতিগাড়া মুড়া।এর মধ্যে শালবন বিহারে প্রতিদিন কয়েক হাজার পর্যটক আসে। এই পুরাকীর্তির প্রাচীন নাম ‘ভবদেব মহাবিহার’। শীতের মৌসুমে ফুলে ফুলে ভরে যায় এই বিহার। দেশি পর্যটকেরা ১০ টাকায় এবং বিদেশিরা ৫০ টাকার প্রবেশমূল্যে সেখানে প্রবেশ করতে পারে। শালবন বিহারের পাশেই ময়নামতি জাদুঘর। সেখানে সপ্তম শতাব্দী থেকে শুরু করে পরবর্তী সময়ের নানা ধরনের মূর্তিসহ ধাতব জিনিস রয়েছে। এই জাদুঘরেও কিছু সংস্কারকাজ করা হয়েছে।কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার অন্যতম প্রত্নসম্পদ ‘রাণীর বাঙলো’। উনিশ শতকের গোড়ার দিকে আগরতলার মহারাজা কুমার কিশোর মানিক্য তাঁর স্ত্রীর জন্য একটি আধুনিক বাগানবাড়ি নির্মাণ করেছিলেন। পরে ওই বাগানবাড়িটিই ‘রাণীর বাঙলো’ নামে পরিচিতি লাভ করে। এককালের অতি পরিচিত এই পিকনিক স্পটটি বর্তমানে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।কর্মকর্তারা বলেন: কুমিল্লা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ফিল্ড অফিসার (বর্তমানে আঞ্চলিক পরিচালকের ভারপ্রাপ্ত দায়িত্বে নিয়োজিত) মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পর্যটকদের আকৃষ্ট করার জন্য আমরা শালবন বৌদ্ধবিহারকে আরও আকর্ষণীয় করে তুলেছি। সেখানে ফুলের গাছ লাগানো হয়েছে। পুরাকীর্তির আদল ঠিক রেখে এর ফাঁকে ফাঁকে পাকা সড়ক তৈরি করা হয়েছে। সেখানে নতুন করে চারটি স্তূপ ও দুটি মন্দির আবিষ্কৃত হয়েছে। দুই বছর ধরে এর খননকাজ চলছে। রাজস্ব আদায় বেড়ে যাওয়ায় আমরা শালবন বিহারের দক্ষিণ-পূর্ব পাশে টয়লেট নির্মাণসহ নানা ধরনের সুযোগ-সুবিধা তৈরি করছি। পর্যায়ক্রমে রানীর বাংলো, রূপবান মুড়া, ইটাখোলা মুড়ার সংস্কার করা হবে।’মিজানুর রহমান বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমরা গত বছর মাত্র ৩০ লাখ টাকা বরাদ্দ পেয়েছি। একই সঙ্গে গত বছর শালবন বৌদ্ধবিহার থেকে রাজস্ব আয় হয়েছে ৫০ লাখ টাকা। আয় বেড়ে যাওয়ায় প্রত্নসম্পদগুলো আরও ঠিকভাবে রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।’জেলা প্রশাসক মো. জামাল হোসাইন প্রথম আলোকে বলেন, ‘ঐতিহ্যের দিক দিয়ে কুমিল্লার একটি অবস্থান রয়েছে। ওই আলোকে এখানকার প্রত্নসম্পদগুলো দর্শনার্থীদের দেখার জন্য উদ্যোগ নেব। এর ফলে কুমিল্লায় পর্যটনশিল্পের বিকাশ ঘটবে। সরকারও প্রচুর রাজস্ব পাবে। কুমিল্লার ২৩টি পুরাকীর্তি সুন্দরভাবে উপস্থাপন করা হলে ইতিহাস সম্পর্কে এ প্রজন্ম জানতে পারবে।’লোকবলের সংকট: চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত। কুমিল্লা শহরের উত্তর চর্থা এলাকার একটি ভাড়াবাড়িতে চলছে অধিদপ্তরের কার্যক্রম। বাড়িটির প্রথম ও দ্বিতীয় তলা সাড়ে ১২ হাজার টাকায় ভাড়া নিয়ে দাপ্তরিক কার্যক্রম চলছে। নিজেদের ভবন না থাকায় অনেক কিছুই সংরক্ষণ করা যাচ্ছে না। সেখানে ৫৯টি পদের মধ্যে ২১টি খালি রয়েছে।চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ইউডিএ (আপার ডিভিশন অ্যাসিসট্যান্ট) ফজলুর রহমান জানান, আঞ্চলিক পরিচালকের পদটি দুই বছর ধরে শূন্য। এ ছাড়া সহকারী পরিচালক, সহকারী প্রকৌশলী, অফিস তত্ত্বাবধায়ক, হিসাব সহকারী কাম ক্যাশিয়ারসহ মোট ২১টি পদ খালি রয়েছে। এখানে গাইডের কোনো পদ নেই। ফলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষণাবেক্ষণ ও ময়নামতি জাদুঘর পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগ চালু করার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বিভাগগুলোর মধ্যে এটি একটি। ভৌগোলিক ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আমরা এখানে এ বিভাগ চালু করব। এর ফলে এখানকার শিক্ষার্থীরা হাতে-কলমে জানার সুযোগ পাবে।’