চলতি বছরের মধ্যে আরও আটজনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষ হতে পারে। মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা গতকাল বুধবার এ কথা জানিয়েছে।অভিযোগ তদন্তাধীন থাকা এই আটজন হলেন: জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোহাম্মদ আবদুস সুবহান ও এ কে এম ইউসুফ, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী; জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও জামায়াতের সাবেক সাংসদ সাখাওয়াত হোসেন; বিএনপির নেতা ও ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র এম এ জাহিদ হোসেন ওরফে খোকন; একাত্তরে ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তৎকালীন ছাত্র সংগঠন) নেতা চৌধুরী মাঈনুদ্দীন ও মো. আশরাফউজ্জামান খান। তাঁদের মধ্যে আবদুস সুবহান, আজহারুল ইসলাম ও মীর কাসেম কারাগারে আটক রয়েছেন। মাঈনুদ্দীন যুক্তরাজ্যে ও আশরাফউজ্জামান যুক্তরাষ্ট্রে রয়েছেন।জানতে চাইলে তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য এম সানাউল হক গতকাল প্রথম আলোকে বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে চৌধুরী মাঈনুদ্দীন ও আশরাফউজ্জামান খানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হবে। আবদুস সুবহান, আজহারুল ইসলাম ও মীর কাসেমের বিরুদ্ধে ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হতে পারে। এ কে এম ইউসুফ, সাখাওয়াত হোসেন ও জাহিদ হোসেন ওরফে খোকন রাজাকারের বিরুদ্ধে তদন্ত চলছে।’ এ আটজনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত এ বছর শেষ হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।দুপুরে তদন্ত সংস্থার বেইলি রোডের কার্যালয়ে সানাউল হক সাংবাদিকদের বলেন, ‘ইতিমধ্যে আমরা নয়টি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি, যার বিচারকাজ চলছে। আমরা আরও কয়েকটি অভিযোগের তদন্ত করছি। ডিসেম্বরের মধ্যে এগুলোর তদন্ত শেষ করে প্রতিবেদন দেওয়া যাবে।’তদন্ত সংস্থার সূত্র জানায়, বাগেরহাটের শরণখোলার এ কে এম ইউসুফের নেতৃত্বে একাত্তরে ৯৬ জন সদস্য নিয়ে প্রথম রাজাকার বাহিনী গঠন হয়েছিল খুলনার আনসার ক্যাম্পে। গত ২২ জানুয়ারি তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। যশোরের সাবেক সাংসদ সাখাওয়াত পরবর্তী সময়ে বিএনপি ও এরপর সেখান থেকে জাতীয় পার্টিতে যোগ দেন। ১ এপ্রিল থেকে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। জাহিদ হোসেনের বিরুদ্ধে তদন্ত শুরু হয় ১৫ এপ্রিল।আজহারুলের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রসঙ্গে সানাউল হক বলেন, ‘কয়েক দিন আগে তদন্ত সংস্থার ১০ সদস্যের একটি দল রংপুর যায়। সেখানে তদন্তে জানা গেছে, রংপুর কারমাইকেল কলেজের ছয়জন শিক্ষক এবং একজন শিক্ষকের স্ত্রীকে হত্যার সঙ্গে আজহারুল প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তাঁদের বাসা থেকে ধরে নিয়ে দমদমা সেতুর কাছে গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া একাত্তরের ২৫ মার্চের আগে অসহযোগ আন্দোলনে অংশ নেওয়া দুজন শিক্ষককে তাঁদের গ্রামের বাড়িতে হত্যা করা হয়।’ তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধকালে আজহারুল পাকিস্তানি সেনাদের সঙ্গে নিয়ে বদরগঞ্জের ধাপেরহাট ও ঝাড়ুয়ার বিল এলাকায় দুই দিন অভিযান চালান। সেখানে প্রথম দিনের অভিযানে ১১ জনকে এবং পরদিন এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ লোককে গুলি করে হত্যা করা হয়। দুটি অভিযানেই তিনি পথপ্রদর্শকের কাজ করেন। আমরা সেখানে প্রত্যক্ষদর্শী, আহত ও নিহতদের স্বজন এবং নির্যাতিত ব্যক্তিদের সাক্ষ্য নিয়েছি। তাঁর বিরুদ্ধে তদন্ত ৮০ শতাংশ শেষ হয়েছে।’এর আগে তদন্ত সংস্থা নয়জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিয়েছে। এঁদের মধ্যে জামায়াতের সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদ ছাড়া আটজনের বিচার চলছে। এই আটজন হলেন: জামায়াতের সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ, দুই সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী এবং বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীম।এ ছাড়া রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে ট্রাইব্যুনালের আদেশে কারাগারে আটক আছেন আবদুস সুবহান, মীর কাসেম আলী ও আজহারুল ইসলাম।