ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ১৯ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের মামলায় গতকাল রোববার আরও আটজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে মোট ২২ জনের সাক্ষ্য নেওয়া হলো। আদালত আজ সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেলা ১১টায় বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামের সভাপতিত্বে ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩-এ বিচার কার্যক্রম শুরু হয়। এর আগে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কড়া পাহারায় ফেনী কারাগার থেকে ৬২ জন বিডিআর জওয়ানকে বিশেষ আদালতে নেওয়া হয়। বিডিআরের কৌঁসুলি ১৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী মো. সালাহ উদ্দিন জানান, আটজন সাক্ষ্য দিয়েছেন। তাঁরা হলেন—সিপাহি মো. পাভেল মিয়া, ল্যান্সনায়েক আনোয়ারুল ইসলাম, সিপাহি মো. আবু সাঈদ, নায়েক মো. জাকিরুল ইসলাম, সিপাহি রুহুল আমিন মৃধা, হাবিলদার মো. আলতাফ হোসেন, নায়েক মো. কুদ্দুছের রহমান, নায়েক আহমদ নুর। লে. কর্নেল গাজী মো. সালাহ উদ্দিন আদালতকে বলেন, এ নিয়ে মোট ৩১ জনের মধ্যে ২২ জনের সাক্ষ্য নেওয়া হলো। এ পর্যায়ে অবশিষ্ট নয়জনের আর সাক্ষ্য নেওয়ার প্রয়োজন নেই। কারণ, ইতিমধ্যে ২২ জনের দেওয়া সাক্ষ্য অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ট। আদালতে দোষ স্বীকার করেছেন এমন ৫৮ জন জওয়ানের মধ্যে গতকাল ১৮ জনের লিখিত ও মৌখিক বক্তব্য শোনা হয়। এ ছাড়া আদালত নির্দোষ দাবিদার চার আসামিকে তাঁদের পক্ষে সাফাই সাক্ষী দেবেন কি না, জানতে চান। একই সঙ্গে আদালত তাঁদের সাক্ষীদের নাম জানাতে বলেন। এ ছাড়া আদালত অন্যান্য আসামিকে আত্মপক্ষ সমর্থন করে লিখিতভাবে তাঁদের বক্তব্য দিতে পারবেন বলে জানান। ওই চার আসামির মধ্যে হাবিলদার রুহুল আমিন চারজন সাক্ষীর নাম জানান। তবে তার মধ্যে দুজন সাক্ষ্য দেন। আরেক আসামি নায়েক মহিউদ্দিন রনির পক্ষে একজন সাক্ষ্য দেন। আদালতে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম ছাড়াও লে. কর্নেল আখতারুজ্জমান ও মেজর মো. মাকসুদুল আলম দায়িত্ব পালন করেন। বিচার-কার্যক্রমে সহযোগিতা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ফরহাদ হোসেন। বিকেল পাঁচটা ৫০ মিনিট পর্যন্ত আদালতের কার্যক্রম চলে। গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআরের সদর দপ্তরে বিদ্রোহ হয়। এর জের ধরে ফেনীর জায়লস্কর ১৯ রাইফেল ব্যাটালিয়নের জওয়ানরাও বিদ্রোহ করে। এ অভিযোগে গত ২০ ডিসেম্বর ১৯ রাইফেল ব্যাটালিয়নের ৬২ জন বিডিআর সদস্যের বিচার শুরু হয়। গত ২৪ জানুয়ারি ৬২ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে ৫৮ জন জওয়ান তাঁদের দোষ স্বীকার করেন।