আরও আটটি এফএম রেডিও আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও আটটি বেসরকারি এফএম রেডিও চালুর অনুমতি দেওয়া হচ্ছে। এগুলোর কোনো কোনোটি মন্ত্রী-সাংসদদের সুপারিশে রাজনৈতিক বিবেচনায় দেওয়া হচ্ছে।এরই মধ্যে আটটি রেডিওর নাম ও প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করে নিরাপত্তা ছাড়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে তথ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলোকে যোগ্য সুপারিশ করে প্রাথমিক অনুমোদন দিয়েছে রেডিও স্থাপনে আবেদনপত্র যাচাই-বাছাইয়ের জন্য গঠিত জাতীয় রেগুলেটরি কমিটি। দু-এক দিনের মধ্যে নিরাপত্তা ছাড় পেলেই এই আটটি রেডিও স্থাপন ও পরিচালনার জন্য চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।তবে আগে তরঙ্গ বরাদ্দ দেওয়ার পর এফএম রেডিওর অনুমতি দেওয়া হলেও এবার তথ্য মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমতির পরই তরঙ্গ বরাদ্দের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) পাঠানো হবে।যে আটটি রেডিও অনুমোদন পাচ্ছে: রেডিওগুলো হচ্ছে পিপলস রেডিও লিমিটেড, ঢাকা এফএম লিমিটেড, মিডিয়া সিটি লিমিটেড, এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন, আয়ুর্বেদীয় ফার্মেসি (ঢাকা) লিমিটেড, নেক্সট ওয়েভ ব্রডকাস্টিং কো. লিমিটেড, এশিয়ান রেডিও লিমিটেড ও গানচিল লিমিটেড। অনুমোদনের পর এসব রেডিওর মালিকদের ১০ লাখ টাকা অফেরতযোগ্য জামানত জমা রাখতে হবে।এ ব্যাপারে জানতে চাইলে প্রবীণ সাংবাদিক এবিএম মূসা প্রথম আলোকে বলেন, রাজনৈতিক বিবেচনায় এসব রেডিওর অনুমোদন দেওয়া হবে এটাই স্বাভাবিক। বেসরকারি টিভি চ্যানেল অনুমোদনের ক্ষেত্রেও একই নীতি মানা হয়েছে। তবে এসব রেডিও আদৌ বাজারে আসবে কি না বা টিকে থাকতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তিনি বলেন, এসব রেডিওর বাণিজ্যিক বাজার খুব ছোট, সে বিবেচনা করেই সরকারের রেডিও অনুমোদন দেওয়া উচিত।সুপারিশ: পিপলস রেডিওর জন্য সুপারিশ করেছেন হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। এই রেডিওর ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল। জাতীয় রেগুলেটরি কমিশনের বিবেচনায় এ প্রতিষ্ঠানটি ১০০ নম্বর পেয়েছে।ঢাকা-১১ আসনের সাংসদ আসাদুজ্জামান খান সুপারিশ করেছেন মিডিয়া সিটির জন্য। এর ব্যবস্থাপনা পরিচালক সাইদুর আফতাব। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীর কাছে এ রেডিওটি অনুমোদনের জন্য সুপারিশ পাঠিয়েছেন। রেগুলেটরি কমিশনের বিবেচনায় এ প্রতিষ্ঠানটি ৯৯ নম্বর পেয়েছে।ফখরুল ইসলাম মুন্সী সুপারিশ করেছেন এপি হাউসের আয়ুর্বেদীয় ফার্মেসি রেডিওর জন্য। এর চেয়্যারম্যান রাকিব মোহাম্মদ ফখরুল। রেগুলেটরি কমিশন এ প্রতিষ্ঠানকে ৯৭ নম্বর দিয়েছে।ময়মনসিংহ-৮ আসনের সাংসদ আবদুস সাত্তার সুপারিশ করেছেন নেক্সট ওয়েভ ব্রডকাস্টিং লিমিটেডের জন্য। এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আলী। এ প্রতিষ্ঠানটি ৯৪ নম্বর পেয়েছে।এশিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়্যারম্যান হারুন অর রশীদের আবেদনে অনুমোদন পাচ্ছে একটি রেডিও। রেগুলেটরি কমিশন এ প্রতিষ্ঠানকে ৯৪ নম্বর দিয়েছে।নাট্যাভিনেত্রী সারা যাকের অনুমোদন পাচ্ছেন এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন লিমিটেড নামে একটি রেডিও। রেগুলেটরি কমিশন এ প্রতিষ্ঠানকে ৯৮ নম্বর দিয়েছে।কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের গানচিল মিডিয়ার একটি এফএম রেডিও অনুমোদন দেওয়া হচ্ছে। রেগুলেটরি কমিশনের বিবেচনায় প্রতিষ্ঠানটি ৯০ নম্বর পেয়েছে।আওয়ামী লীগ-সমর্থিত নৃত্যশিল্পী ডলি ইকবাল। ঢাকা এফএম লিমিটেডের চেয়ারপারসন তিনি। মরহুম আমির হোসেন বাবুর ছোট বোন হিসেবে তাঁকে এ রেডিও দেওয়া হয়েছে।তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, বেসরকারি মালিকানাধীন এফএম বেতারকেন্দ্র স্থাপন ও পরিচালনা নীতিমালা-২০১০ অনুযায়ী এসব রেডিওর অনুমতি দেওয়া হচ্ছে।সূত্রমতে, এসব রেডিও স্থাপন ও পরিচালনার জন্য গত ১৮ এপ্রিল দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দেওয়া হয়। এর মধ্যে ৭৬টি দরপত্র বিক্রি হয়। দরপত্রের মূল্য রাখা হয় পাঁচ হাজার টাকা করে। পরে বুয়েটের বিশেষজ্ঞদের দিয়ে একটি জাতীয় রেগুলেটরি কমিটি করা হয়। কমিটি যাচাই-বাছাই করে মেধানুসারে স্কোরিং করে ৩৮টি প্রতিষ্ঠানের খসড়া তালিকা করে। পরে খসড়া তালিকা থেকে এ আট প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করা হয়।প্রসঙ্গত, দেশে এখন চারটি বেসরকারি এফএম রেডিও রয়েছে। এগুলো হলো এবিসি রেডিও, রেডিও টুডে, রেডিও ফূর্তি ও রেডিও আমার।