বিবিসি আয়োজিত নির্বাচনী সংলাপে খুলনাকে আরও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীরা। খুলনা নগরের বয়রায় সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে গত সোমবার রাত নয়টার দিকে ঘণ্টাব্যাপী এ সংলাপ শুরু হয়।সংলাপে অংশ নেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তিন মেয়র পদপ্রার্থী সম্মিলিত নাগরিক কমিটির তালুকদার আবদুল খালেক, ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মনিরুজ্জামান ও নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির শফিকুল ইসলাম। তাঁরা নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে সিটি করপোরেশনের ভূমিকা এবং সিটি করপোরেশনকে একটি কার্যকরী সেবাদান প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে তাঁদের পরিকল্পনা সম্পর্কে নগরবাসীর বিভিন্ন প্রশ্নের জবাব দেন।সংলাপে বিভিন্ন প্রশ্নের জবাবে তালুকদার আবদুল খালেক বলেন, ‘আমি মেয়র থাকাকালে অনেক উন্নয়নমূলক কাজ করেছি। এখনো অনেক কাজ চলছে। ২০১৬ সালে এসব কাজ শেষ হবে। আবার নির্বাচিত হলে আধুনিক খুলনা গড়তে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব।’ তিনি নগরের বাকি কাজ শেষ করার জন্য তাঁর তালা প্রতীকে ভোট দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান।মনিরুজ্জামান বলেন, ‘নির্বাচিত হলে পার্ক তৈরি ও সংস্কার, জলবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা, সড়ক উন্নয়নসহ আধুনিক নগর গড়তে যা প্রয়োজন তার সবই করব।’নির্বাচিত হলে নগরের ৩১টি ওয়ার্ডে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘নির্বাচিত হলে বাজারগুলোকে ফরমালিনমুক্ত করব এবং জমি কিনে শিশুদের সাঁতার শেখার জন্য সুইমিং পুল নির্মাণ করব।’বিবিসি বাংলার সংবাদদাতা ওয়ালিউর রহমান মিরাজের প্রযোজনায় নির্বাচনী সংলাপ উপস্থাপনা করেন আকবর হোসেন।১৫ জুন খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে বিবিসি বাংলা এবং বিবিসি মিডিয়া অ্যাকশন যৌথভাবে এ সংলাপের আয়োজন করেছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে।রাজশাহীর পর খুলনায় নির্বাচনী সংলাপ অনুষ্ঠিত হলো। আজ বুধবার নির্বাচনী সংলাপ হবে বরিশালে।