কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আকিজ বিড়ি কারখানায় আনসারের গুলিতে আহত নজরুল ইসলাম (৩২) নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর পাঁচটায় রাজশাহী মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ নিয়ে ওই কারখানায় সংঘর্ষের ঘটনায় তিনজন শ্রমিকের মৃত্যু হলো।নজরুলের বাড়ি দৌলতপুরের কৈপাল গ্রামে। তিনি বাক-শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের উত্তেজনার আশঙ্কায় কারখানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।মজুরি বৃদ্ধির দাবিতে গত রোববার দুপুরে আকিজ বিড়ি কারখানায় মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আনছার সদস্যদের গুলিতে রাকিবুল ও মিন্টু নামের দুই শ্রমিক নিহত হন। গুলিবিদ্ধ হন নজরুল ও মনিরুল ইসলাম নামের দুই শ্রমিক। এর মধ্যে নজরুল আজ মারা যান।এ ঘটনায় গতকাল রাত ১১টার দিকে নিহত শ্রমিক মিন্টু আহমেদের ভাই সেন্টু আহমেদ বাদী হয়ে অজ্ঞাত ১৪-১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া কারখানা থেকে আনসারের ১৩ জন সদস্য ও কারখানার ব্যবস্থাপক খোরশেদ আলমকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুত্ফর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘গত রোববারের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। তবে এ মামলায় আনসার সদস্য ও কারখানার ব্যবস্থাপককে গ্রেপ্তার দেখানো হয়নি। তাঁদের নিরাপত্তা দেওয়ার জন্য থানায় আনা হয়েছে।’