আরও একটি তদন্তে প্রমাণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী যৌন নিপীড়নকারী শিক্ষকের বিরুদ্ধে আরও একটি তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টে শিক্ষক মঈন উদ্দিনের বিরুদ্ধে ছাত্রী লাঞ্ছিত হওয়ার ঘটনাটি প্রমাণিত হয়েছে। গত ১৮ নভেম্বর তদন্ত কমিটি এ রিপোর্ট অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছে। এ নিয়ে তিনটি তদন্তের রিপোর্টেই যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয়।তদন্তকালে অভিযোগকারীসহ নয়জন ছাত্রী, প্রধান শিক্ষিকা ও একজন সহকারী শিক্ষকের লিখিত জবানবন্দি গ্রহণ করা হয়। অভিযোগকারী ছাত্রী শিক্ষক মঈন উদ্দিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগপত্র প্রধান শিক্ষিকা ও অতিরিক্ত জেলা প্রশাসকের বরাবরে দেওয়ার কথা স্বীকার করে। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানায়।অভিযোগকারী লিখিত জবানবন্দিতে উল্লেখ করে, ম্যাজিস্ট্রেট সেলিনা কাজীর কাছে গত ১৩ এপ্রিল যে জবানবন্দি দিয়েছে, সেটাই সত্য। জবানবন্দির এক কোণে অভিযোগকারী নবম শ্রেণীর ছাত্রীর মা ও তার বড় ভাই স্বাক্ষর করেন।গত ১৫ এপ্রিল জেলা প্রশাসক ওই স্কুলের গণিতের শিক্ষক মঈন উদ্দিন খানের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। কমিটির অপর সদস্যরা হলেন জেকে অ্যান্ড এইচকে হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আবদুর রহমান এবং হবিগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম। আট মাস তদন্ত শেষে তাঁরা তদন্তের রিপোর্ট সম্প্রতি অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে জমা দেন।তদন্ত কমিটির কাছে হবিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীম চৌধুরী জানান, ৭ এপ্রিল তিনি ছাত্রীর অভিযোগটি পান। পরদিন ৮ এপ্রিল স্কুলে এইচএসসি পরীক্ষা এবং ৯ এপ্রিল সাপ্তাহিক বন্ধ থাকায় কোনো পদক্ষেপ নিতে পারেননি। ১০ এপ্রিল সকালে তিনি শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেন। ওই দিন অভিযুক্ত শিক্ষক মঈন উদ্দিন খানসহ তৎকালীন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জালাল খানসহ (মঈনের বড় ভাই) সভাপতি আবুল হাসিম ও জিয়াউল হাসান বিদ্যালয়ে মহিলা কমনরুমে আলোচনা করার সময় স্কুলের বিক্ষুব্ধ ছাত্রীরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়ে। পরে পুলিশ বিষয়টি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, ছাত্রীরা বিষয়টি স্থানীয় সাংসদ আবু জাহিরকেও জানায়।এদিকে তদন্ত কমিটি অভিযুক্ত শিক্ষক মঈন উদ্দিনকে গত ৫ অক্টোবর বিকেল সাড়ে তিনটায় জেলা শিক্ষা অফিসে হাজির হয়ে তদন্ত কমিটির কাছে তাঁর আত্মপক্ষ সমর্থনের জন্য গত ৩০ সেপ্টেম্বর একটি রেজিস্ট্রি চিঠি মঈন উদ্দিনের স্থায়ী ও বর্তমান ঠিকানায় পাঠায়। কিন্তু অভিযুক্ত শিক্ষক মঈন উপস্থিত হননি। তদন্ত রিপোর্টে বলা হয়, অভিযোগকারী ছাত্রীর অভিযোগ ও সাক্ষীদের জবানবন্দি অনুসারে শিক্ষক মঈনের বিরুদ্ধে ছাত্রী লাঞ্ছিত হওয়ার বিষয়টির সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, শিক্ষক মণ্ডলী ও তৎকালীন ম্যানেজিং কমিটি ঘটনাটি নিষ্পত্তিকল্পে দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়।উল্লেখ্য, ওই ঘটনায় সাংসদ আবু জাহির নিজে শিক্ষক সমিতি, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার সাত সদস্যের একটি কমিটির মাধ্যমে তদন্ত করে একই রিপোর্ট পান। গত ১৩ এপ্রিল সহকারী কমিশনার সেলিনা কাজীর তদন্ত রিপোর্টে শিক্ষক মঈনের বিরুদ্ধে ছাত্রীর অভিযোগ সত্য বলে প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।অভিযুক্ত শিক্ষক সম্প্রতি আদালতে স্কুলের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি এমপি আবু জাহির, প্রধান শিক্ষিকা শামীম আক্তার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নূরুন্নবী, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ কয়েকজনকে বিবাদী করে একাধিক মামলা করেছেন, যা বিচারাধীন।