আরও একটি পুরস্কার পেলেন অ্যাসাঞ্জ
‘উইকিলিকস’ ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এবার ‘মার্থা গেলহর্ন-২০১১’ পুরস্কার পেয়েছেন। যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা এ খবর জানায়।প্রতিবছর সাংবাদিকতার জন্য এই পুরস্কারটি দেওয়া হয়। এমন একজন সাংবাদিককে এ পুরস্কার দেওয়া হয়, ‘যাঁর কাজের মাধ্যমে কোনো ঘটনার প্রতিষ্ঠিত ভাষ্য ছিন্ন হয়ে উঠে আসে অপ্রিয় প্রকৃত সত্য, ফাঁস হয় প্রতিষ্ঠিত শ্রেণীর মিথ্যা প্রচারণা ।’বিচারকমণ্ডলী অ্যাসাঞ্জের পুরস্কারের মানপত্রে বলেছেন, ‘উচ্চপ্রযুক্তি যুগের এক বিস্ময়কর প্রতিষ্ঠান হিসেবে উইকিলিকস পরিচিতি পেয়েছে। তবে উইকিলিকস আরও বেশি কিছু। যথাযথ স্বচ্ছতার মধ্য দিয়ে এর ন্যায়নীতি প্রতিষ্ঠা সাংবাদিকতার শ্রেষ্ঠতম এবং প্রাচীনতম ঐতিহ্য।’ এতে আরও বলা হয়, ‘উইকিলিকস জনগণকে এমন কিছু দিয়েছে, যা অধিকাংশ সাংবাদিক কল্পনাই করতে পারেন না। একটি সত্য ভাষণ, যা বিশ্বের মানুষকে ক্ষমতাবান করেছে। প্রকাশক এবং সম্পাদক হিসেবে অ্যাসাঞ্জ এমন কিছু তুলে ধরেছেন, যার জন্য সাংবাদিকেরা একসময় গর্ববোধ করতেন। তাঁর সাহস, দৃঢ়তা ও নিরপেক্ষতা-- ক্ষমতার নয়, জনগণের প্রকৃত প্রতিনিধির।’এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সিডনি পিস ফাউন্ডেশনের শান্তি পুরস্কার পান জুলিয়ান অ্যাসাঞ্জ। দ্য গার্ডিয়ান