আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
টাইমস ইউনিভার্সিটি নামের নতুন আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে।এটি নিয়ে বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ৭১ টিতে। কয়েকদিন আগে নটর ডেম বিশ্ববিদ্যালয় নামে আরেকটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলো ডটকমকে বলেন, দেশের ওই অঞ্চলে কোনোও বেসরকারি বিশ্ববিদ্যালয় নেই। স্রেফ বাণিজ্যিক ভিত্তিতে নয়, সেবার মনোভাব নিয়ে বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। টাইমস ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শরীফ এম আফজাল বলেন, এ প্রতিষ্ঠানটি থেকে দেশের দক্ষিণাঞ্চলের ছেলেমেয়েরা কম খরচে মানসম্মত শিক্ষা পাবে। নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের ঢাকায় এসে উচ্চশিক্ষার জন্য সংগ্রাম করতে হবে না।বিশ্ববিদ্যালয়টি হবে ফরিদপুর শহরে। মুক্তিযোদ্ধা শরীফ এম আফজাল দীর্ঘদিন ধরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি পাওয়ার চেষ্টা করছিলেন। প্রথমে তিনি রাজশাহীতে বিশ্ববিদ্যালয় করার জন্য আবেদন করেন। কিন্তু সেখানে অনুমোদন পাননি। এরপর কুষ্টিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাইলেও অনুমতি পাননি। সরকারের শীর্ষ মহলের পরামর্শে তিনি ফরিদপুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আবেদন করেন।