আরও একটি মামলায় জামিন পেলেন খোকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যার ঘটনায় সার্কিট হাউস ভাঙচুরের মামলা থেকে জামিন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ খায়রুল কবির খোকন। আজ বৃহস্পতিবার সকালে খোকনের আইনজীবী নরসিংদীর প্রধান বিচারিক হাকিম আদালতে জামিন আবেদন করলে বিচারক মো. শাহজাহান আবেদনটি মঞ্জুর করেন। সার্কিট হাউস ভাঙচুর মামলায় জামিন পাওয়ার মধ্য দিয়ে এক দিনের ব্যবধানে দুটি মামলা থেকে জামিন পেলেন খোকন। লোকমান হত্যায় জড়িত থাকার অভিযোগ থেকে গতকাল বুধবার নরসিংদীর বিচারিক হাকিম আদালত তাঁকে অব্যাহতি ও জামিনে মুক্তির আদেশ দেন। তবে বর্তমানে তিনি রেলওয়ে স্টেশন ভাঙচুর মামলায় কারাগারে আটক আছেন। ওই মামলার শুনানি আগামী রোববার হওয়ার কথা রয়েছে।পুলিশ ও আদালত সূত্র জানায়, ১ নভেম্বর রাতে মেয়র লোকমান হোসেন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। লোকমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁর কর্মী-সমর্থকেরা বিক্ষুব্ধ হয়ে ওই রাতেই নরসিংদী স্টেশন ও সার্কিট হাউস ভাঙচুর করে। পরদিন জেলা ছাত্রলীগ ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি দেয়। হরতাল চলাকালে বিক্ষোভকারীরা নরসিংদী স্টেশনের কাছে আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়। এতে ট্রেনটির নয়টি বগি পুড়ে যায়। ঘটনার রাতে খায়রুল কবির খোকনকে ঢাকার খিলগাঁওয়ের বাসা থেকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন তাঁকে লোকমান হত্যা মামলার সন্দেহভাজন অভিযুক্ত হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতের মাধ্যমে নরসিংদী জেলা কারাগারে পাঠায়। লোকমানের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই সালাউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে নরসিংদী সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করে। হত্যা মামলার এজাহারে খোকনের নাম উল্লেখ করা হয়নি। এদিকে, ট্রেন পোড়ানো ও ভাঙচুরের মামলায় নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মরণ চন্দ্র দাস বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় দুটি মামলা করেন। মামলা দুটির প্রত্যেকটিতে ৫০০ থেকে ৬০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।অপর মামলাটি হয় নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় থেকে। জেলা প্রশাসকের ভারপ্রাপ্ত নাজির শাহরিয়ার আহমেদ ৭ নভেম্বর বাদী হয়ে সার্কিট হাউস ভাঙচুরের অভিযোগে মামলাটি করেন । মামলায় সার্কিট হাউস-সংলগ্ন এলাকার দোকানি শামীম ওরফে জসিম, সাদ্দাম হোসেন ও স্থানীয় পরাগ মিয়া নামে তিনজনের নাম উল্লেখ করা হয়। খোকনের আইনজীবী আবদুল কাদির টিটু প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আমরা মনে করি খোকনের বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলা মিথ্যা, সাজানো ও ভিত্তিহীন। আজ সকাল সাড়ে ১০টার দিকে আমরা আদালতের কাছে সার্কিট হাউস ভাঙচুর মামলার জামিন আবেদন করি। আদালত আমাদের যুক্তিতর্ক শুনে ওই মামলায় জামিন দেন। রেলওয়ে স্টেশন ভাঙচুর মামলার নথি আদালতে এসে পৌঁছাতে বিলম্ব হয়েছে। এই কারণে ওই মামলার শুনানি হয়নি। আগামী রোববার স্টেশন ভাঙচুর মামলার শুনানি হবে।’আদালত চত্বরে খোকনের স্ত্রী শিরীন সুলতানা বলেন, ‘লোকমান হত্যাকাণ্ডের ঘটনায় আমার স্বামীর বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে। দেশবাসী জানে ঘটনার সময় খোকন ঢাকায় ছিলেন এবং লোকমানকে দেখতে হাসপাতালে ছুটে যান। শুধু রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য সরকারের মদদে একের পর এক মামলা দেওয়া হয়েছে।’নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, ‘লোকমান হত্যার নয় দিন পার হয়ে গেল। পুলিশ এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। যেটি পেরেছে সেটি হলো বিএনপির নেতা খোকনকে একাধিক মামলার আসামি করা। আগামী রোববার রেলওয়ে স্টেশন ভাঙচুরের মামলার জামিন নিয়ে খোকনকে আমরা মুক্ত করব। এর ব্যতিক্রম হলে লাগাতার আন্দোলন।’