আরও একটি রূপকথার অপেক্ষায়
আজ শুরু ফিফা প্রমীলা বিশ্বকাপের ষষ্ঠ আসর। টুর্নামেন্টকে ঘিরে আয়োজক জার্মানিতে উৎসবের আমেজ। লিখেছেন সরাফ আহমেদআরও একটি ‘গ্রীষ্মের রূপকথা’র রূপকার হতে চলেছে জার্মানি। এবারের এই রূপকথা বিশ্বের প্রমীলা ফুটবলকে ঘিরে। ২০০৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে যে উচ্ছ্বাস-আনন্দের ঢেউ জার্মানিতে লেগেছিল, এবং দৃষ্টি আকর্ষণ করেছিল ফুটবল-বিশ্বের—জার্মানদের কাছে সেটিই ‘গ্রীষ্মের রূপকথা’। তার পুনরাবৃত্তি ঘটাতে জার্মানজুড়ে আবারও তোড়জোড় শুরু হয়েছে। পুরুষদের ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাঁচ বছর আগে ফুটবল-পাগল দেশ জার্মানিতে যে মাতামাতি হয়েছিল, সে তুলনায় এবার হয়তো তা একটু কমই হবে, তবে টুর্নামেন্টকে জমিয়ে তোলার চেষ্টার কোনো কমতি নেই। আয়োজকদের দাবি—সবগুলো খেলার প্রায় নয় লাখ টিকিটের প্রায় পঁচাত্তর ভাগই এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। সব টিকিট বিক্রি হয়েছে উদ্বোধনী ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনালের। আজ শুরু হয়ে ১৭ জুলাই পর্যন্ত ১৬ দলের টুর্নামেন্টের ম্যাচগুলো হবে জার্মানির নয়টি শহরে—বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, ড্রেসডেন, লেভারকুসেন, আগসবুর্গ, মনশেনগ্লাডবাখ, বখুম, ভলফসবুর্গ আর সিনসহেইম। অংশ নেওয়া দলগুলোর সঙ্গে এসেছেন তাদের সমর্থকেরাও, বিশ্বকাপে নেই এমন দেশের সমর্থকেরাও আসবেন। সব মিলিয়ে প্রমীলা বিশ্বকাপ হয়ে উঠবে নানা জাতির, নানা ধর্মের মানুষের মিলনমেলা। আগত বিপুলসংখ্যক অতিথি, বিশেষ করে নারী অতিথিদের আপদে-বিপদে তাঁদের পাশে থাকতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমে। বছরে নয় মাসই ঠান্ডার দেশ জার্মানিতে বিশ্বকাপ চলাকালে আকাশ রৌদ্রকরোজ্জ্বল থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। জুলাই মাসে স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলোয় সাধারণত গ্রীষ্মকালীন ছুটি থাকে। মানুষের মেজাজ থাকে ফুরফুরে। স্থানীয় লোকজনের মতো, বিশ্বকাপকে ঘিরে আসা অতিথিদের জন্যও সময়টি হবে খুব উপভোগ্য।পরিকল্পনামাফিক গুছিয়ে কাজ শেষ করতে জার্মান জাতির জুড়ি মেলা ভার। ২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর জার্মানিতে প্রমীলা বিশ্বকাপ ফুটবল আয়োজনের সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পর থেকেই শুরু হয় টুর্নামেন্টের প্রস্তুতি। স্কুল, কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় এবং জার্মানজুড়ে অসংখ্য নানা বয়সী প্রমীলা ফুটবল দলকে নিয়ে টুর্নামেন্টের আয়োজন এবং নানা প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে বিশ্বকাপ আবহ তৈরি করতে কার্যক্রম চালিয়েছে প্রমীলা বিশ্বকাপ আয়োজক কমিটি। এ কমিটির যোগ্য সভানেত্রী সাবেক মহিলা ফুটবলার স্টেফি জোনস, যাঁর বাবা একজন অশ্বেতাঙ্গ মার্কিন সেনা আর মা জার্মান। ফ্রাঙ্কফুর্টে অযত্নের মধ্যে বড় হয়েছেন, সুপার মার্কেটে চাকরি করেছেন। জার্মান মহিলা দলের হয়ে ১১১টি ম্যাচ খেলা জোনস টুর্নামেন্টের প্রচারণায় গত তিন বছর ঘুরেছেন বিশ্বব্যাপী। ৩৮ বছর বয়সী জোনসকে নিয়ে বেশ কয়েকটি বইও বেরিয়েছে। নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র। প্রতিযোগিতায় নয়টি ‘ভেন্যুর’ একটি অদ্রিগসবুর্গ শহরের বিখ্যাত পুতুলনাচ কোম্পানি স্টেফি জোনসকে নিয়ে তাদের নতুন ‘স্টেফি জোনস’ শো এবং ‘গ্রীষ্মের রূপকথা’ শো প্রদর্শন করছে।জার্মানের ভেন্যু শহরগুলো নতুন সাজে সেজেছে। আর দেশের সর্বত্রই ঝুলছে বিশ্বকাপ-সংক্রান্ত নানা ব্যানার, পোস্টার, স্যুভেনির, পতাকা। পত্রপত্রিকায় টুর্নামেন্টের খবরাখবর ফলাও করে ছাপা হচ্ছে। ইলেকট্রনিক মিডিয়াতেও আছে বাড়তি আয়োজন। প্রমীলা বিশ্বকাপ হলেও টুর্নামেন্টকে ঘিরে বাজার হাতছাড়া করতে কেউ রাজি নয়। জার্মানের ছোট-বড় সব ব্যবসাপ্রতিষ্ঠানই মনোলোভা সব বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি বিশ্বকাপ লোগোতে তাদের পণ্য বাজারজাত করছে। টি-শার্ট, গেঞ্জি, ট্রাউজার, ক্যাপ, ভেঁপু, বাঁশি, পানির বোতল, অংশ নেওয়া দলগুলোর পতাকা, মেয়েদের হাতব্যাগ থেকে শুরু করে অন্তর্বাস সবকিছুতেই সেঁটে গেছে প্রমীলা বিশ্বকাপের লোগো। সুপার মার্কেটগুলোয় কিছু বাড়তি বাজার করলেই পাওয়া যাচ্ছে অংশগ্রহণকারী মহিলা ফুটবলারদের ছবিসংবলিত স্টিকার।অথচ অবাক করার মতো ঘটনা, জার্মানির মতো দেশেও ১৯৭০ সাল পর্যন্ত মহিলা ফুটবলকে স্বীকৃতি দেয়নি জার্মানির ফুটবল সংস্থা। ১৯৮৯ ইউরোপীয় মহিলা ফুটবলে জার্মানি শিরোপা জিতলে মহিলা ফুটবল নিয়ে আগ্রহী হন কর্মকর্তারা। সেবার চ্যাম্পিয়ন হয়ে দলের খেলোয়াড়েরা পেয়েছিলেন একটি করে কফি মেশিন। আর সেই একই দেশে বর্তমান জাতীয় দলের খেলোয়াড়েরা পাচ্ছেন ৬০ হাজার ইউরো। মেয়েদের বয়সভিক্তিক বিভিন্ন লিগ জার্মানিতে হয়ে আসছে নব্বইয়ের দশক থেকে। জার্মানিতে এখন মহিলা ফুটবলারের সংখ্যা দশ লাখেরও বেশি। মেয়েদের বিশ্বকাপ হলেও টুর্নামেন্টকে ঘিরে জার্মানিতে যে উৎসাহ-উদ্দীপনার স্রোত, তাতে সম্পৃক্ত পুরুষরাও। জার্মান ফুটবল ইতিহাসে পুরুষদের তুলনায় নারীদের সাফল্যই বেশি। ছয়বার ইউরোপীয় শিরোপার পাশাপাশি জার্মানি মহিলা ফুটবলাররা দেশকে এনে দিয়েছেন শেষ দুটি প্রমীলা বিশ্বকাপ শিরোপাও। যার স্বাদ এখনো নেওয়া হয়নি রেকর্ড পাঁচবার ফিফা বিশ্বকাপজয়ী ব্রাজিলের মেয়েদের।২০০৩ আর ২০০৭ প্রমীলা বিশ্বকাপ জিতেছে জার্মানি। এবার নিজেদের মাটিতে ইতিহাস গড়তে জার্মানির বির্জিত প্রিঞ্জরা যে প্রাণান্ত লড়বেন তা আগেভাগেই বলে দেওয়া যায়। ফিফা বিশ্বকাপকে ঘিরে সারা বিশ্বে যে আবেগ থাকে, প্রমীলা ফুটবল বিশ্বকাপ হয়তো সেই আবেগের জোয়ারে ভাসবে না। তবে বিশ্বের জাতি থেকে জাতির যে সৌহার্দ্য আর সম্প্রীতির সংস্কৃতি মেলা প্রমীলা বিশ্বকাপকে ঘিরে জার্মানিতে বসেছে তাকে স্মরণীয় করতে জার্মানদের কোনো কার্পণ্য নেই। সবার ধারণা, এটি হবে আরও একটি ব্যতিক্রমধর্মী বিশ্ব আয়োজন। জার্মানরা আবারও লিখবে ফুটবল রূপকথা।লেখক: প্রথম আলোর জার্মানি প্রতিনিধি