মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, একদিনে এসব সরকারি সম্পত্তি দখল হয়নি। গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু হেনা মোস্তফা জামান বলেন, দখলদারদের উচ্ছেদ করে সরকারি সায়রাত মহালের জায়গা উদ্ধারে আইনের আরও কঠোর বিধি বিধান তৈরি প্রয়োজন। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিজুর রহমান বলেন, সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে দখলদারদের বিরুদ্ধে আদালতে মামলা করতে হবে। অথচ এ ক্ষেত্রে সরকারি কোনো বরাদ্দ নেই। আবার সরকারি কৌঁসুলির পক্ষ থেকেও এ ব্যাপারে তেমন সাহায্য পাওয়া যায় না। মেহেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া ইসলাম বলেন, ‘নদ-নদী, বিল-খাল থেকে দখলদারদের উচ্ছেদ করার বিষয়টি খুবই জটিল। বিভিন্ন সময় দখলদারদের তালিকা জরিপ করে তৈরি করা হলেও কোনো অগ্রগতি হয়নি। সরকারের জমি আরএস রেকর্ডে জনগণের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য সেটেলমেন্ট অফিসের জরিপকারীরাই দায়ী। নতুন করে এ মুহূর্তে ভূমি জরিপের প্রয়োজন। তবে রুয়াকালি বিলটি দখলদারমুক্ত করতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি।’মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মনিরুজ্জামান বলেন, ভৈরব নদ দখলমুক্ত করা সম্ভব হলে জেলার প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়া যেত।মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ভৈরব নদ দখলমুক্ত করে তা পুনঃ খনন করা হলে এখান থেকে ২০০ কোটি টাকার মাছ উৎপাদন করা যাবে।মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেলাল উদ্দিন বলেন, ‘দখলদারদের উচ্ছেদে ব্যবস্থা নিলেও আদালতে মামলা করে তারা প্রশাসনিক ব্যবস্থা থামিয়ে দেয়। ফলে তাদের হাত থেকে নদ-নদী, খাল-বিল উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। এ ক্ষেত্রে আরও কঠোর ও বাস্তবসম্মত আইন প্রণয়ন দরকার।’