আরও কঠোর কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী ডিসেম্বর নাগাদ কয়েকজন নেতার সম্ভাব্য সাজার রায় সামনে রেখে আরও কঠোর কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী ও এর ছাত্রসংগঠন ছাত্রশিবির। হরতাল ও সড়ক অবরোধের মতো কর্মসূচি দেওয়ারও পরিকল্পনা করছে তারা।জামায়াতের নেতাদের আশঙ্কা, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ডিসেম্বরের মধ্যে তাঁদের কয়েকজন নেতার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনের মতো সাজার রায় হতে পারে। এ আশঙ্কা থেকে ডিসেম্বরের মধ্যে হরতাল ও সড়ক অবরোধের মতো কর্মসূচির কথা ভাবা হচ্ছে। এর মাধ্যমে দেশজুড়ে বড় ধরনের সংঘাতের মতো পরিস্থিতি তৈরির প্রস্তুতি চলছে বলে জানা গেছে।জামায়াতের একাধিক সূত্র থেকে জানা গেছে, কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার-সমর্থকেরা হামলা চালাবে, এটা ধরে নিয়ে আগাম হামলা বা পাল্টা হামলার প্রস্তুতি নিয়ে কর্মীদের রাজপথে নামানো হচ্ছে। সামনের দিনগুলোতে চোরাগোপ্তা মিছিল বের করে পুলিশের ওপর হামলা আরও বাড়তে পারে। অবশ্য পুলিশের ওপর হামলার দায় অস্বীকার করে জামায়াতের ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান দাবি করেন, ‘জামায়াত-শিবিরের কর্মীরা আগে হামলা করেছে, এর প্রমাণ কেউ দিতে পারবে না।’একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ দলের শীর্ষস্থানীয় নয়জন নেতা কারাগারে আছেন। এঁদের মধ্যে দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার মামলার বিচারকাজ শেষ পর্যায়ে রয়েছে।আটক নয়জন নেতার মুক্তির দাবিতে জামায়াত-শিবিরের কর্মীরা ঢাকায় কারওয়ান বাজার, মতিঝিল, মালিবাগ, কমলাপুরসহ গত এক সপ্তাহে অন্তত ২২টি জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। এ সময় পুলিশের একাধিক সদস্যের ওপর অতর্কিতে হামলা এবং যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন তাঁরা। জামায়াতের নেতারা দাবি করেন, এক বছর ধরে তাঁদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কার্যালয় বন্ধ করে দেওয়া, রাজপথে কর্মসূচি পালন করতে না দেওয়া, এ পর্যন্ত ১২ জন নেতা-কর্মীকে হত্যা ও দুজনকে গুম করা এবং গত এক সপ্তাহে ঢাকায় আড়াই হাজারসহ সারা দেশে সাড়ে ১৩ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকারই তাঁদের সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল তাসনীম আলম দাবি করেন, ‘আমরা হামলা করছি না। পুলিশ টিয়ার গ্যাসের শেল ও লাঠিচার্জ করে নিজেরাই সে পরিবেশ তৈরি করছে, সংঘর্ষ বাধাচ্ছে। পুলিশের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরাও হামলায় অংশ নিচ্ছে।’জানা গেছে, জামায়াত-শিবির যে জায়গা থেকে মিছিল বের করবে, তা নেতা-কর্মীদের আগে থেকে জানিয়ে দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের আগেই নেতা-কর্মীরা আশপাশের দোকানপাট, ফুটপাতসহ সুবিধাজনক জায়গায় অবস্থান নেন। ঘড়ির কাঁটা দেখে ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে একযোগে আচমকা মিছিল নিয়ে রাস্তায় নেমে আতঙ্ক ছড়ান।এর কারণ হিসেবে তাসনীম আলম বলেন, ‘মিছিল বের করলেই পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করছে। স্বাভাবিক কর্মসূচি পালন করতে না দিলে তো কায়দাকানুন করে বের করতে হবে। এতে আতঙ্ক ছড়ানোর কী আছে।’সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জামায়াতের কর্মসূচি বাস্তবায়নে এখন সক্রিয়ভাবে মাঠে অংশ নিচ্ছেন ছাত্রশিবিরের কর্মীরা। বর্তমানে নেতৃত্বে থাকা জামায়াত ও ছাত্রশিবিরের শীর্ষ ও মাঝারি পর্যায়ের সব নেতাই এখন আত্মগোপনে। আড়ালে থেকেই তাঁরা নেতৃত্ব দিচ্ছেন।এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, জামায়াতে ইসলামী যা করছে, তা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। পুলিশের ওপর চোরাগোপ্তা হামলা করে জঙ্গিবাদী তৎপরতা চালানো হচ্ছে।এ ব্যাপারে ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম বলেন, ‘সরকার আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিক, প্রশাসন উসকানিমূলক আচরণ বন্ধ করুক, কোনো ঘটনাই ঘটবে না।’