প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দেশে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাবে। ক্রয়ক্ষমতা বাড়লে পণ্যের চাহিদা বাড়বে এবং এতে আপনাদের পণ্য বিক্রিও বেড়ে যাবে।’গতকাল মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ ২০৩০: স্ট্র্যাটেজি ফর গ্রোথ’ শীর্ষক সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। খবর ইউএনবি ও বাসসের।বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে ডিসিসিআইয়ের দীর্ঘমেয়াদি অর্থাৎ ২০৩০ সালকে লক্ষ্য করে কৌশল প্রণয়নকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এর ফলে আগামী ২০ বছরে বাংলাদেশ বিশ্বে ৩০তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে এবং দেশের মানুষের গড় জাতীয় আয় অন্তত ছয় হাজার ডলারে দাঁড়াবে।তবে শেখ হাসিনা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘এ এগিয়ে চলা তত মসৃণ হবে না। কারণ ২০৩০ সালের মধ্যে আমাদের নানা প্রাকৃতিক দুর্যোগ, অধিক জনসংখ্যার চাপ, আবাদযোগ্য জমি হ্রাস এবং নগরায়ণ সমস্যার মোকাবিলা করতে হতে পারে।’প্রধানমন্ত্রী বলেন, এসব প্রতিকূলতা মোকাবিলা করতে হলে অবকাঠামোগত সুযোগ-সুবিধা, প্রযুক্তিগত উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, সরকার বসে নেই। সরকার একের পর এক যুগোপযোগী বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বিদ্যুৎ উৎপাদন, পদ্মা সেতু নির্মাণ, গভীর সমুদ্রবন্দর ও বিমানবন্দর নির্মাণ, চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরের ধারণক্ষমতা বৃদ্ধি এবং রাজধানী ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের মতো সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূিচর উল্লেখ করেন।প্রধানমন্ত্রী বিদ্যুৎ ঘাটতিকে বাংলাদেশের শিল্পায়নের পথে অন্যতম প্রধান বাধা হিসেবে উল্লেখ করে বলেন, ‘সরকার বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মধ্যমেয়াদি পরিকল্পনার আওতায় আগামী বছরের মধ্যে পাঁচ হাজার মেগাওয়াট এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় ২০১৩ সালের মধ্যে আরও সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।শেখ হাসিনা আশা প্রকাশ করেন, আগামী গ্রীষ্ম মৌসুমের আগেই বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে আসবে।শেখ হাসিনা বলেন, বিগত সময়ে নানা কারণে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশকে বিদেশিরা জানত সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির দেশ হিসেবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি এ দায়িত্ব ঠিকমতো পালন করেন তাহলে আপনারাই সবচেয়ে বেশি লাভবান হবেন।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাসেম খান এবং সংগঠনের ২০১১ সালের জন্য নবনির্বাচিত সভাপতি আসিফ ইব্রাহিমও বক্তব্য দেন।