আরও কিছু করার ইচ্ছা ছিল জর্জ হ্যারিসনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রবিশংকরের মাধ্যমেই বাংলাদেশের সঙ্গে জর্জ হ্যারিসনের আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। একাত্তরের উত্তাল দিনগুলোতে রবির আবেগের সঙ্গী হয়ে “কনসার্ট ফর বাংলাদেশ”-এর দায়িত্ব কাঁধে নিয়েছিল হ্যারিসন। ওকে সব সময় বলতে শুনেছি, বাংলাদেশের জন্য তার আরও কিছু করার ছিল।’বাংলাদেশের সঙ্গে জর্জ হ্যারিসনের যোগসূত্রের ছবি আঁকতে গিয়ে এভাবেই স্মৃতিচারণা করলেন তাঁর স্ত্রী অলিভিয়া হ্যারিসন। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রথম আলোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অলিভিয়ার কণ্ঠে উঠে আসে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রক গানের প্রবাদপুরুষের জীবন, বাংলাদেশ নিয়ে তাঁর ভাবনা এবং শিশুদের জীবন বদলে দিতে তাঁদের প্রতিষ্ঠানের কাজ। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের আমন্ত্রণে গত রোববার প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন অলিভিয়া। তবে হ্যারিসন সব সময়ই এ দেশের মানুষের সঙ্গে থাকেন তাঁর বিখ্যাত ‘বাংলাদেশ বাংলাদেশ’ গানের সঙ্গে মিশে। ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে কনসার্ট ফর বাংলাদেশের মাধ্যমে বিশ্ববাসী আরও ভালোভাবে জেনেছিল, সভ্যতার ভয়াবহ গণহত্যা ও ধ্বংসের মাঝে দাঁড়িয়ে স্বাধীনতার জন্য লড়ছে দক্ষিণ এশিয়ার একটি দেশ। সেই থেকে বাংলাদেশের জনগণের কাছের মানুষ জর্জ হ্যারিসন। সাবেক ব্রিটিশ রক গ্রুপ বিটলসের সদস্যের চার দশক আগের ওই আয়োজনের বর্ণনা দিতে গিয়ে অলিভিয়া যেন ফিরে যান স্বামীর সঙ্গে আলাপচারিতায়। বললেন, ‘জর্জের কাছে শুনেছি, একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যা বিপর্যস্ত করে তুলেছিল পণ্ডিত রবিশংকরকে। এ নিয়ে মনোযাতনায় ছিল বিখ্যাত এই সেতারবাদক। অন্যদিকে, নিজের রেকর্ডিং নিয়ে ব্যস্ত ছিল জর্জ। তার এক বছর আগে বিটলস ভেঙে যাওয়ায় নতুন করে ক্যারিয়ার গড়তে সে মনোযোগী হয়ে ওঠে। এ সময় রবিশংকর এসে জানায়, বাংলাদেশের জন্য তহবিল সংগ্রহে একটি কনসার্ট করতে চায়। এ উদ্যোগে সে জর্জকে পাশে পেতে চায়। জর্জেরও মনে হলো, এ কাজে তার যুক্ত হওয়া উচিত। তার ডাকে অনেকে সাড়া দেবে। হয়েছেও তা-ই।’রবিশংকরের মাধ্যমে ভারতীয় ও বাংলা সংস্কৃতি এবং জীবনাচারে আকৃষ্ট হন জর্জ হ্যারিসন। মন্ত্র জপা, আগরবাতি জ্বালানো থেকে শুরু করে খাবারদাবার—সবকিছুতেই ছিল এ ছাপ। রবিশংকরের কাছে বাঙালি খাবার তৈরির প্রণালি শিখেছিলেন জর্জ হ্যারিসন। বেড়াতে যাওয়ার সময় নিজের ব্যাগে বয়ে বেড়াতেন পাঁচফোড়ন। আর অলিভিয়াকে খাবারে বিভিন্ন মসলা ব্যবহারের প্রণালি শিখিয়েছিলেন। জর্জ হ্যারিসন আর বাংলাদেশের সম্পর্কের কথা বলতে গিয়ে যেন তৃপ্ত বোধ করছিলেন অলিভিয়া। ‘বন্ধনটা দুদিক থেকেই। বাংলাদেশের জন্য ওর ভালোবাসাটি জেনেছি চুয়াত্তরে আমাদের সম্পর্কের পর থেকেই। ওর প্রতি এ দেশের মানুষের ভালোবাসা আর শ্রদ্ধার কথা জেনেছি বিভিন্ন সময়ে,’ জানালেন অলিভিয়া। এও বললেন, ‘তবে বাংলাদেশের জন্য আরও বেশি কিছু করতে না পারার যন্ত্রণা বিভিন্ন সময় আমার কাছে প্রকাশ করেছিল জর্জ। যদিও সে মনে করত, সংগীতের মাধ্যমেই বাংলাদেশের জন্য দায়িত্ব পালন করাটা তার কাজ। তাই বাংলাদেশের স্বাধীনতার দুই যুগ পর কনসার্ট ফর বাংলাদেশের অ্যালবাম আবার বাজারে ছেড়ে বিক্রির টাকা বাংলাদেশে পাঠাতে মনোযোগী ছিল। আর আমি ও তার বন্ধুরা মিলে ইউনিসেফের জন্য যে তহবিল গড়ে তুলেছি, তার অর্থও বাংলাদেশে কাজে লাগাতে চাই।’ বাংলাদেশ সফরে আসার প্রেক্ষাপট বর্ণনা দিতে গিয়ে অলিভিয়া জানান, শুধু জর্জ হ্যারিসন ফাউন্ডেশন ফর ইউনিসেফ কিংবা ম্যাটেরিয়েল ওয়ার্ল্ড ফাউন্ডেশনই নয়, পারিবারিক কোনো তহবিল গড়ে তোলা হলেও তা থেকে কীভাবে বাংলাদেশকে সহায়তা করা যায়, সে বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে থাকেন তিনি। ‘জর্জের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে যেহেতু আমাদের প্রয়াস, তাই তার দুর্বলতা আর ভালোবাসার প্রতি বিশেষ যত্ন নেওয়াটাও আমাদের দায়িত্ব। তাই নতুন কোনো কর্মসূচির কথা যখন এল, বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিলাম,’ বললেন অলিভিয়া। বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণদের ত্যাগ আর প্রত্যয় মুগ্ধ করেছে অলিভিয়াকে। তাঁর ভাষায়, ‘তৃণমূল পর্যায়ে শিক্ষা কর্মসূচিতে যুক্ত লোকজন, বিশেষ করে তরুণদের ত্যাগ আমাকে অভিভূত করেছে। এরাই তো আগামী দিনের বাংলাদেশের প্রেরণা।’পাশাপাশি এখানকার দারিদ্র্য অলিভিয়ার মনে বেদনা সৃষ্টি করেছে। সংক্ষিপ্ত সফরের অভিজ্ঞতায় তিনি জানালেন, প্রান্তিক মানুষগুলো চরম দুর্দশায় রয়েছে। এদের জীবনমানে পরিবর্তন আনাটা জরুরি। এখানকার বৈচিত্র্যময় শিল্প আর সংস্কৃতির মাঝে ঐশ্বর্য লুকিয়ে আছে বলে মনে করেন হ্যারিসনের স্ত্রী অলিভিয়া। বাংলাদেশ সফরের বিষয়ে অলিভিয়া বলেন, ‘এই আসা শুধু ইউনিসেফের কাজই দেখা নয়, আরেকটু ব্যাপক। জর্জ আর রবিশংকর মিলে যে দেশের স্বাধীনতার জন্য কনসার্টের আয়োজন করেছিল, সে দেশকে নিজের চোখে দেখতে চেয়েছি। এখানকার পরিবর্তনের জন্য জর্জ যেমন আরও কাজ করতে চেয়েছিল, আমিও সেভাবে এখানকার শিশুদের কল্যাণের কাজে যুক্ত থাকতে চাই।’ বাংলাদেশের স্বাধীনতার চার দশক পূর্তির কোনো আয়োজনে যুক্ত থাকার ইচ্ছাও প্রকাশ করেন অলিভিয়া হ্যারিসন।